৮৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পাওয়ার জন্য বাংলাদেশ থেকে এ বছর অংশ নিচ্ছে খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’ সিনেমাটি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় অস্কার বাছাই কমিটি।
চলতি বছর ১৪ই এপ্রিল মুক্তি পায় ইমন, বিদ্যা সিনহা মিম ও কল্যাণ কোরাইয়া অভিনীত সিনেমাটি।
১লা অক্টোবর ২০১৩ থেকে ৩০শে সেপ্টেম্বর ২০১৪-এর মধ্যে মুক্তি পাওয়া সিনেমাগুলোকে অস্কার মনোনয়নের জন্য পাঠানোর বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে বলা হয়েছিল। শর্ত ছিল, বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে সাত দিন প্রদর্শিত হতে হবে। সেই সঙ্গে ইংরেজি সাবটাইটেল থাকতে হবে। তবে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শন কোনোভাবেই কোনো টেলিভিশন চ্যানেল কিংবা অনলাইনে হওয়া চলবে না।
২০০৩ সালে তারেক মাসুদ পরিচালিত 'মাটির ময়না’ সিনেমাটিকে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে অস্কার আসরে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়নের জন্য পাঠানো হয়। এরপর ২০০৫ সালে হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’, ২০০৬ সালে আবু সাঈয়িদের ‘নিরন্তর’, ২০০৭ সালে গোলাম রাব্বানী বিপ্লবের ‘স্বপ্নডানায়’, ২০০৮ সালে এনামুল করিম নির্ঝরের ‘আহা!’, ২০০৯ সালে গোলাম রাব্বানী বিপ্লবের ‘বৃত্তের বাইরে’, ২০১০ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ২০১১ সালে হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ এবং ২০১২ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমাটি অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সিনেমা হিসেবে পাঠানো হয়েছে।
বাংলাদেশ অস্কার কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন সিনিয়র প্রযোজক হাবিবুর রহমান খান। সদস্য হিসেবে রয়েছেন অভিনেতা শাকিব খান, অভিনেত্রী রোকেয়া প্রাচী, পরিচালক শহীদুল ইসলাম খোকন, সাইফুল ইসলাম চৌধুরী, আবু মুসা দেবু, অধ্যাপক আবদুস সেলিম, শামীম আখতার, রেজা লতিফ।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





