প্রথমবারের মতো নায়ক হিসেবে দেখা যাবে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার ব্রেট লিকে। আর সিনেমায় তার নায়িকা হচ্ছেন ‘ব্রিক লেন’ খ্যাত ভারতীয় অভিনেত্রী তানিষ্ঠা চ্যাটার্জি।

অস্ট্রেলিয়া ইন্ডিয়া ফিল্ম ফান্ডের অর্থায়নে প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘আনইন্ডিয়ান’। ২০১৩ সালে ভারতীয় বিষয়বস্তু নিয়ে নির্মিত অস্ট্রেলিয়ান সিনেমায় লগ্নির উদ্দেশ্যে এই ফান্ডটি চালু করা হয়।

অক্টোবরে সিডনিতে শুটিং শুরু হবে রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমাটির। অনুপম শর্মার পরিচালনায় এই সিনেমায় প্রবাসী ভারতীয়দের নানা সাংস্কৃতিক জটিলতার বিষয়গুলো তুলে ধরা হবে।

এর আগে ‘ভিক্টোরি’ সিনেমায় অতিথি চরিত্রে আবির্ভুত হওয়া ব্রেট লি নায়ক হওয়ার সুযোগ পেয়ে দারুণ খুশি। একটি বিবৃতিতে তিনি জানান, “এআইএফএফ এর প্রথম সিনেমার কেন্দ্রীয় চরিত্রটি পেয়ে আমি গর্বিত।” অন্যদিকে ব্রেট লির নায়িকা হওয়ায় তানিষ্ঠাও যেন ভাষা হারিয়ে ফেলেছেন, “ব্রেট লি...কি আর বলব। আশা করি দারুণ মজা হবে, ব্রেট।”

সিনেমায় দেখা যাবে ডিভোর্সপ্রাপ্তা মীরা এক সন্তানের মা। তার জীবনে আসে সুদর্শন উইল। মীরার পরিবার চায় একজন ভারতীয়কে বিয়ে করুক সে। কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই