সালমানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করার মধ্য দিয়ে  অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের স্বপ্ন পূরণ হতে চলেছে। বর্তমানে বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
চলতি বছরের মাঝামাঝিতে তিনি অভিনয় করতে যাচ্ছেন ‘কিক’ এবং ‘রয়’ নামক দুটি বড় বাজেটের ছবিতে। এর মধ্যে প্রথমটিতে সালামান খান এবং দ্বিতীয়টিতে রণবীর কাপুরের বিপরীতে কাজ করবেন তিনি। এ দুটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে দারুণ খুশি তিনি। তবে সাম্প্রতিক সময়ে ‘কিক’ এবং ‘রয়’ নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই পড়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। কারণ, দুটি ছবির সিডিউলই পড়ে গেছে জুন মাসে। সালমান-জ্যাকুলিন জুটির এই ‘কিক’ ছবির শুটিং হবে সেপ্টেম্বর পর্যন্ত। মূলত সালমানের সিডিউল মিলিয়েই জ্যাকুলিনের সিডিউল ঠিক করে দিয়েছেন পরিচালক।
‘রয়’ ছবির ২০ ভাগ কাজ শেষ করেছেন রণবীর কাপুর। শুধুমাত্র জ্যাকুলিনের জন্য এ ছবিটির কাজ এখন আটকে আছে। মে মাস থেকে এই ছবির শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল জ্যাকুলিনের। কিন্তু সালমানের ‘কিক’-এর জন্য ‘রয়’-এর সিডিউল দিচ্ছেন না তিনি। এরই মধ্যে ‘রয়’ ছবি থেকে তাকে বাদ দেয়ার চিন্তাভাবনাও করা হচ্ছে। কিন্তু তাতে তেমন যায় আসে না এ অভিনেত্রীর। সালমানের সঙ্গে কাজ করতে পারলেই তার হলো! ছবির ক্ষেত্রে রণবীর নয়, সালমানকেই বেছে নিয়েছেন তিনি।
জ্যাকুলিনের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জ্যাকুলিন বলেছেন সালমানের জন্য সবকিছুই করতে পারেন তিনি। তাই ঠিক করে নিয়েছেন ‘রয়’ থেকে বাদ পড়লেও ‘কিক’ ছাড়বেন না তিনি। কারণ, সালমানের সঙ্গে তিনি প্রথম অভিনয় করছেন। এ ছবিটি চলতি বছরের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হবে বলেও ধারণা করছেন কেউ কেউ।
জ্যাকুলিন ‘কিক’-এর শুটিংয়ের পরই কেবল অন্য ছবির জন্য সিডিউল দিতে পারবেন বলেও জানিয়ে দিয়েছেন ‘রয়’-এর পরিচালক বিক্রম সিংকে।
ঢা[b]কা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]