পোষা আটটি কুকুরের বেড়ানোর বন্দোবস্ত করতে বাংলাদেশি টাকায় কোটি টাকারও বেশি খরচ করছেন মার্কিন পপশিল্পী মারিয়া ক্যারি। যুক্তরাজ্যে অবস্থিত কুকুরদের জন্য বিশেষ এক হোটেলে ছুটি কাটাতে যাচ্ছে তার কুকুরগুলো।
যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত কুকুরদের বিলাসবহুল হোটেল ‘দ্য পাওস সিজনস’- এর উদ্দেশে এরই মধ্যে উড়াল দিয়েছেন ক্যারি এবং তার কুকুরেরা। প্রিয় কুকুরদের জন্য আলাদাভাবে একটি জেট প্লেনের ব্যবস্থা করেছেন ক্যারি। কেবল সেটার জন্যই তাকে খরচ করতে হয়েছে এক লাখ পাউন্ড।
বিলাসবহুল সেই ডগ হোটেলে বেশ আরামেই দিন কাটাবে ক্যারির পুচ জাতের কুকুরগুলো। তাদের জন্য থাকবে বিশেষ বাবুর্চির হাতে রান্না করা খাবার আর আলাদা আলাদা বিছানার ব্যবস্থা।
এক সূত্র বলছে, ক্যারি তার কুকুরদের জন্য একটি বিশেষ মেন্যু ইতোমধ্যেই পাঠিয়ে দিয়েছেন হোটেলের বাবুর্চিদের কাছে। ঐ মেন্যু অনুযায়ীই হবে রান্না। এছাড়াও কুকুরগুলো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, চলবে তাদের নানা ধরনের পরিচর্যা।
তারকা কিংবা বিত্তবানদের জন্য পোষা প্রাণীদের নিয়ে এ ধরনের বিলাসিতার ঘটনা নতুন নয়। নিজের ছয়টি কুকুর নিয়ে মডেল ও সেযাশালাইট প্যারিস হিলটনকে প্রায়ই ক্যামেরাবন্দী হতে দেখা যায়। এমনকি বাড়িতে প্রিয় কুকুরদের জন্য বিলাসবহুল এক ডগ ম্যানশনও নির্মাণ করেছেন তিনি।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





