১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জাপানি চলচ্চিত্র নির্মাতা আকিরা কুরোসাওয়া স্মরণে ‘আকিরা কুরুসাওয়া ফিল্ম উইক’। তাঁর ষোড়শ মৃত্যুবার্ষিকীতে এই আয়োজন করছে ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া। জাপান দূতাবাসের জাপান ফাউন্ডেশন এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর এ আয়োজনের সহযোগিতা করছে।
এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। উৎসবে কুরোসাওয়ার ‘সানজুরো’, ‘সেভেন সামুরাই’, ‘ইকিরো’, ‘দ্য ইডিয়ট’, ‘রাশোমন’, ‘রেড বিয়ার্ড’, ‘হাই অ্যান্ড লো’ সহ ১৫টি সিনেমা প্রদর্শিত হবে। উৎসবে ‘ওয়ার্কশপ অন এক্সপ্লোর কুরোসাওয়া’ শিরোনামে কর্মশালার আয়োজন থাকছে।
১৯৪৩ সালে ‘সানশিরো সুগাতা’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার ‘রাশোমন’ সিনেমাটি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন লায়ন পুরস্কার জেতার পর জাপানি চলচ্চিত্রের দিকে পশ্চিমের নজর পড়ে। ৫৭ বছরের ক্যারিয়ারে ‘ইকিরো’, ‘সেভেন সামুরাই’, ‘ইয়োজিম্বো’, ‘কাগেমুসা’ এবং ‘রান’ সহ ৩০টি সিনেমা নির্মাণ করেন কুরোসাওয়া।১৯৯০ সালে অস্কারে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হন। ১৯৯৮ সালের ৬ সেপ্টেম্বর ৮৮ বছর বয়সে মারা যান কুরোসাওয়া।
ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া ২০০৬ সালে যাত্রা শুরু করে। এ পর্যন্ত তারা চলচ্চিত্র বিষয়ক ১০টি কর্মশালা পরিচালনা করেছে।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





