প্রতিবছরের মতো এবারো ৮৭তম অস্কারের বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ এর উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ৮৬তম অস্কার বাংলাদেশ কমিটি রবিন শামসকে মিডিয়া কোঅর্ডিনেটর মনোনীত করেছে।
৮৭তম অস্কার বাংলাদেশ কমিটি অস্কারের বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশী চলচ্চিত্র আহবান করেছে। ১লা অক্টোবর ২০১৩ এর পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে সাত দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।
এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের হাসান হোল্ডিং, ৯ম তলা, ৫২/১ নিউস্কাটন, ঢাকা ১২১৭ থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ২৪ সেপ্টেম্বর, ২০১৪ বেলা ১২টার মধ্যে জমা দিতে হবে।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





