চলচ্চিত্রে আবার জুটি হতে যাচ্ছেন শাকিব খান ও জয়া আহসান। ছবির নাম ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’। ছবিটিকে শাকিব ও জয়া জুটির প্রথম ছবি পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’-এর সিরিজ হিসেবে বলতে চাইছেন প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস মুভিজের একজন উর্ধ্বতন কর্মকতা।

ওই কর্মকর্তা বলেন, প্রথম ছবির ব্যবসায়িক সাফল্যই দ্বিতীয় ছবিটি নির্মাণে উত্সাহ যুগিয়েছি। ২০১৩ সালে অন্যতম আলোচিত ছবির মধ্যে একটি হিসেবে জায়গা করে নেয় পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি। ছবির গানগুলোও শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন। এ সাফল্যের ধারাবাহিকতায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’ছবির কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেপ্টেম্বরে ছবির কাজ শুরু হচ্ছে। সেভাবে সব প্রস্তুতি নেয়া হচ্ছে।

‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যের কাজ করছেন রুম্মান রশীদ খান। তিনি বলেন, সাধারণ দর্শকদের পাশাপাশি আমাদের প্রথম ছবিটি দেখতে এসেছিলেন সমাজের গুণী মানুষেরাও। তাঁরা আমাদের ছবিটির প্রশংসা করেন। তাছাড়া শুরুর দিকে আমাদের পরিকল্পনাও ছিল শাকিব ও জয়াকে জুটি করে দুটি ছবি বানানোর। এই জুটির “পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি”ছবিটি যেহেতু সফল, তাই আমেজ থাকতে থাকতে নতুন ছবিটির কাজ শুরু করতে চাই। মেরিল-প্রথম আলো পুরস্কারের মতো বড় আসরেও “পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি”বেশ কয়েকটি পুরস্কার জিতে নেয়। তাই এই জুটিকে নিয়ে নতুন ছবিটির কাজ করতে চেয়েছি আমরা।

নামের সঙ্গে যেহেতু মিল রয়েছে, তাহলে কি কাহিনিতে মিল থাকবে? এমন প্রশ্নে রুম্মান বলেন, 'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি' ছবিটির মাধ্যমে আমরা নতুনত্বের ছোঁয়া দিতে চেয়েছি। এবারের ছবিটিতে কিছুটা মিল থাকলেও চমক থাকবে বেশি।

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ