আসছে ঈদে নতুন একটি মিক্সড অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন সুরকার, সংগীত পরিচালক ও গায়ক আরফিন রুমি। অ্যালবামটির নাম 'আদর'। ২০ রোজার মধ্যে লেজার ভিশনের ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে।

এতে গান থাকছে ১৫টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, লুত্ফর হাসান, অরিন, লিজা, নওমী, শশী, আপন, সাবরিনা, অরণ্য, শান্ত, নাদিম, মামুন, মাহিদুল, শাহরিয়ার বাঁধন, দীপন, কামরুল ও রাজু।সব গানের সুর ও সংগীত করেছেন আরফিন রুমি নিজেই। কথা লিখেছেন জাহিদ আকবর, জনি হক, লুত্ফর হাসান ও আরফিন রুমি।

আরফিন রুমি বলেন, 'অনেক যত্ন নিয়ে এ অ্যালবামের গানগুলো তৈরি করেছি। সংগীতায়োজনে আমার সঙ্গে কাজ করেছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন রিদম প্রোগ্রাম করেছেন। আমাদের এই যৌথ প্রয়াসের নাম এআরসি (আরফিন রুমি-চক্রবর্তী)। সংগীতায়োজনের ক্ষেত্রে সাধারণ শ্রোতাদের কথা মাথায় রেখেছি।'

রুমি আরও বলেন, 'প্রতিষ্ঠিত ও পরিচিত শিল্পীদের পাশাপাশি এ অ্যালবামে কয়েকজন নবীন শিল্পীকেও সুযোগ দিয়েছি। আশা করি গানগুলো সবাই পছন্দ করবেন।'
গতবছর প্রকাশিত হয় আরফিন রুমির সুর-সংগীতে সর্বশেষ মিশ্র অ্যালবাম 'ওরে প্রিয়া'।

ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই