ঈদ উপলক্ষে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশের শোবিজ তারকারা। সময়ের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে শীর্ষে রয়েছেন মোশারফ করিম। ঈদে চাহিদার দিক থেকে এক নম্বরেই আছে এ অভিনেতার নাম। ফলে নির্মাতাদের রীতিমতো টানা-হেঁচড়া শুরু হয়েছে মোশারফ করিমকে নিয়ে।
ঈদে প্রায় সব নির্মাতাই মোশারফ করিমকে নিয়ে নাটক বানাতে চাচ্ছেন। টিভি চ্যানেল থেকেও বলে দেয়া হচ্ছে নাটকে আর্টিস্ট হিসেবে মোশারফ করিমকে চাই। সব মিলিয়ে দম ফেলানোর সময় পাচ্ছেন না মোশারফ করিম।
এবারের ঈদে মোশারফ করিম অভিনীত প্রায় ৪০টি নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে। এর মধ্যে ১ ঘণ্টার নাটকের পাশাপাশি রয়েছে ৬ পর্বের ধারাবাহিক নাটক। সেকান্দার বক্সের মতো জনপ্রিয় ধারাবাহিকের সিক্যুয়েলও তৈরি হচ্ছে ঈদকে উপলক্ষ করে।
এবারের ঈদে মোশারফ করিমের লেখা নাটকও প্রচার হবে। ঈদের জন্য ‘অ্যাওয়ার্ড অব অনেস্ট’নামের একটি নাটক লিখেছেন মোশারফ করিম। এ নাটকটি ভিজ্যুয়ালি নির্মাণ করছেন রাজিব রসুল।
তবে ঈদের পরে টানা ১০ দিন কোনো কাজ করবেন না মোশারফ করিম। ঈদের ছুটি উপভোগ করবেন পরিবারের সঙ্গে। ঈদের ছুটি কাটাবেন বই পড়ে আর পরিবারের সঙ্গে আনন্দ করে।
ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





