বেশ কিছুদিন ধরে চলচ্চিত্রের গানে নিয়মিত গাইছেন নগর বাউল খ্যাত জেমস। তারই ধারাবাহিকতায় এবার কণ্ঠ দিবেন পি এ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ চলচ্চিত্রের একটি গানে।

‘মেয়ে তোর বিজলী চমক ঝিলিক হাসি, কোথায় পেলি বল/মেয়ে তোর সুখ চাহনি সর্বনাশী, করছে টলমল’- এমন কথার গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করছেন তাপস। চলতি সপ্তাহেই গানটিতে রেকর্ডিং হবার কথা রয়েছে।

গানটি প্রসঙ্গে তাপস বলেন, ‘গানটি অনেকটা আইটেম গানের মতো করে করা হচ্ছে। মিউজিক ও করা হচ্ছে রিমিক ধাঁচে। বিভিন্ন স্টেজ অনুষ্ঠানেও জেমস ভাই গানটি গাইতে পারবেন’।

‘চোখের দেখা’  চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে গত ১১ অক্টোবর। ছবিটি পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্যও  লিখেছেন পি এ কাজল নিজেই।

ছবিটিতে অভিনয় করছেন সায়মন, নবাগতা অধরা, শতাব্দী ওয়াদুদ, কাজী হায়াত, আলেকজান্ডার বো, শামস সুমন, আবু হেনা রনি (মীরাক্কেল) প্রমুখ। রোমান্টিক ও অ্যাকশনধর্মী গল্প নিয়ে এ সিনেমার কাহিনী গড়ে উঠেছে।

জেআই