ভারতের বাণিজ্য নগরী মুম্বাই। বরাবরের মত ঈদ উৎসবে মেতেছিল নগরীটি। এ দিনে বলিউডেও ছিল উৎসবের আমেজ। রূপালি পর্দার মুসলিম নায়করাও ঈদের দিন সাধারণ ভক্তদের সাথে ঈদ উৎসব পালন করেন।
ঈদের সকালেই শাহরুখ খানের বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। বলিউডের বাদশাও নিরাশ করনেনি। বেলা একটু বাড়তেই বারান্দায় হাজির হন কিং খান।
ঈদের খুশি ভাগ করে নিতে ভক্তদের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন শাহরুখ। প্রিয় হিরোকে নাগালে পেয়ে ভক্তরাও মেতে ওঠেন উচ্ছ্বাসে।
একই ছবি দেখা যায় সালমান খানের বাড়ির সামনেও। ঈদেই মুক্তি পেয়েছে সালমানের ছবি কিক। গ্রিল ঘেরা বারান্দায় এদিন তিনি হাজির হন যেন হাত বাড়ালেই বন্ধু। আবেগে ভাসলেন ফ্যানরাও।
আমির খানকে সাদা কোর্তা-পাজামায় খোশমেজাজে পাওয়া গেল তাঁর মায়ের বাড়ির সামনে। জানালেন, বরাবরের মতো এবারও তাঁর বাড়ির ঈদের মজলিস জমজমাট।
সালমানের নতুন ছবি কিক এখনও তাঁর দেখা হয়ে ওঠেনি। অকপটে সল্লু মিঞাকেও শুভেচ্ছা জানালেন মিস্টার পারফেকশনিস্ট।
ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম// এসআর





