ইতিবাচক কারণেই এতদিন খবরের শিরোনামে এসেছে সালমান খানের আগামী ছবি 'কিক'। এর মধ্যে অন্যতম রুদ্ধশ্বাস মারামারির দৃশ্যে বলিউডের এই অভিনেতার অভিনয়।

চমকপ্রদ তথ্য হলো, এসব দৃশ্যের চিত্রায়নে ড্রোন (পাইলটবিহীন আকাশযান) ব্যবহার করা হয়েছে। হলিউডে এরই মধ্যে এই পন্থা জনপ্রিয় হয়েছে। 'কিক' ছবির মাধ্যমে বলিউডে প্রথমবার ব্যবহার করা হলো এই যান।

ড্রোন চালানো যেমন ব্যয়সাপেক্ষ, তেমনি এটি ব্যবহারের জন্য প্রযুক্তিগত জ্ঞান থাকতে হয় প্রচুর। ড্রোন চালানোর জন্য 'কিক'-এর পরিচালক সাজিদ নাদিয়াড়ওয়ালা লসঅ্যাঞ্জেলেস থেকে বিশেষ একটি দলকে উড়িয়ে এনেছিলেন ভারতে।

একাধিক ড্রোন বিভিন্ন দিক থেকে ব্যবহার করে সব পাশের চিত্রায়ন করতে পেরেছেন তারা। তাই ছবিটির মারামারির দৃশ্য দর্শকের চোখ ধাঁধিয়ে দেবে, এমনটা আশা করছেন সংশ্লিষ্টরা।

রোজার ঈদ উপলক্ষে 'কিক' মুক্তি পাবে ২৫ জুলাই। এতে সালমানের সহশিল্পী জ্যাকলিন ফার্নান্দেজ।

ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই