প্রায় তিন বছর পর নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন লালন কন্যা খ্যাত গায়িকা বিউটি।                    
পহেলা বৈশাখ উপলক্ষে জি-সিরিজের ব্যানারে প্রকাশ হবে তার অ্যালবাম 'দুই চোখেতে লালন আমার'। ফোকনির্ভর এ অ্যালবামের সবকটি গানের সুর করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজন করেছেন শান। অ্যালবামে থাকছে মোট ১০টি গান। এগুলো লিখেছেন লুৎফর হাসান, ফয়সাল রাব্বিকীন, ইশতিয়াক আহমেদ, সেজুল হোসেন, আহমেদ তানভীর, এম এস রানা ও হেলাল ওয়াদুদ।
এর আগে সর্বশেষ তিন বছর আগে 'প্রেমের জ্বালা' নামে বিউটির সর্বশেষ একক অ্যালবাম প্রকাশ হয়েছিলো। এরপর স্টেজ নিয়েই মূলত ব্যস্ত হয়ে ওঠেন এই লালন কন্যা। পড়াশোনার বাইরে দেশ-বিদেশে অসংখ্য শোতে এই সময়ে অংশ নিয়েছেন তিনি। চলতি সময়টায়ও স্টেজ শো নিয়ে ব্যাপক ব্যস্ত বিউটি। দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই শো করছেন তিনি।
এছাড়া বিভিন্ন চ্যানেলের শুটিং নিয়েই নিয়মিত ব্যস্ত বিউটি। তবে নিজের এ অ্যালবাম নিয়ে দারুণ আশাবাদী তিনি। এ বিষয়ে বিউটি বলেন, এ অ্যালবামের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। আমি আসলে সময় নিয়ে বেশ ভালভাবে গুছিয়ে অ্যালবামটা করতে চেয়েছিলাম। সেটা সম্ভব হয়েছে লুৎফর ভাইয়ের কারণে। উদ্যোগটা তারই।
এর আগে আমি তার সুরে কয়েকটি গান গেয়েছি। এবার পুরো অ্যালবাম করছি। তাই ভাল লাগছে। এবারের গানগুলো ফোকনির্ভর হলেও অনেক ভিন্নতা খুঁজে পাওয়া যাবে। আশা করছি ভাল লাগবে শ্রোতাদের।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]