বিকাল পেরিয়ে তখন সবে সন্ধ্যা নেমেছে। ভ্যালেন্টাইন ডেতে সবাই যখন তাঁর সঙ্গিনীটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ঝাঁ চকচকে শপিং মলে কিংবা হাতে হাত রেখে বসে আছেন পার্কের এক কোণে, ঠিক তখনই কেউ কি বলে উঠল ‘পাগলু থোড়াসা করলো রোমন্স’। বলল কি না অবশ্য শোনা গেল না, তবে টলিউডের সুপারস্টার দেবকে দেখা গেল এক তরুণীর হাত ধরে মেলায় ঘুরে বেড়াতে।

শুধু তাই নয় মেলা থেকে সঙ্গিনীটিকে কিনে দিলেন রকমারি চুড়ি, দু’জনে মিলে চড়লেন নগর দোলায়। লক্ষ্যভেদ করলেন বেলুনে আর সঙ্গে খেলেন গরম গরম জিলাপি। তবে না একটাও সত্যি নয়, সবটাই পরিচালকের ক্যামেরার সামনে। প্রেমের দিনেও ছুটি ছিল না বাঙালি তরুণীর ফিলহাল লাভ আইকনের। ‘আরশিনগর’ ছবির জন্য মেলার দৃশ্যের শুট করলেন দেব ও নায়িকা ঋত্বিকা।

আসলে পার্পল মুভি টাউনে পড়েছে মেলার সেট। আর মেলায় রয়েছে ভালোবাসা সবরকম জিনিস। হার্ট শেপ বেলুন থেকে শুরু করে মেয়েদের হৃদয় ভোলানো চুড়ি।  তাই এই মেলাতেই অপর্নার ফ্রেমবন্দি করে রাখলেন তাঁর রোমিও-জুলিয়েটের ভালোবাসা।

শেক্সপিয়ারের বিখ্যাত প্রেমকাহিনি অন্যভাবে রূপালি পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন টলিউডের ডাকসাইটে পরিচালক অপর্না সেন। ছবির নাম ‘আরশিনগর’। এই ছবিতে রোমিওর চরিত্রের অভিনয় করছেন টলি নায়ক দেব এবং নবাগতা ঋত্বিকে। তবে সে আরশিনগর সত্যি কোথাও নেই৷ আছে কল্পনাতে। সেই কল্পনার আরশিনগরের পড়শির সঙ্গেই প্রেমের দিনটা কাটিয়ে দিলেন টলিস্টার দেব।

জেআই