নাটক শুধু বিনোদন নয়, নাটক এখন শিক্ষার অন্যতম মাধ্যম। এ ধারণা থেকে দেশে নিয়মিত শিশু-কিশোর নাট্যচর্চা করার প্রত্যয় নিয়ে ১৯৯০ সালে পিপল্স লিটল থিয়েটারের (পিএলটি) জন্ম। গত ২৪ বছরে পিপল্স লিটল থিয়েটার ২৯টি নাটকের প্রায় তিন শতাধিক মঞ্চায়ন সম্পন্ন করেছে।
আমাদের দেশের ছোটদের নাটককে আন্তর্জাতিক ক্ষেত্রে জনপ্রিয় করার ক্ষেত্রে পিপল্স লিটল থিয়েটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পিপল্স লিটল থিয়েটার আন্তর্জাতিক শিশুনাট্য উৎসবে জার্মানির লিঙ্গেনে, হ্যানোভার, বার্লিন, কিউবা হাভানা, ভারতের বেরিলী, দিল্লি, জাপানের তইয়ামা ও যুক্তরাজ্যের লন্ডন, তুরস্কের অরদুসহ প্রায় ২৫টি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করে।
এছাড়া পিপল্স থিয়েটার অ্যাসোসিয়েশন আয়োজিত ১২টি উৎসবে সাফল্যের সঙ্গে অংশ নিয়ে এবং উৎসব আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এরই ধারাবাহিকতায় পিপল্স লিটল থিয়েটার (পিএলটি) শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মঞ্চায়ন হবে ‘ডাকঘর’। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। একই হলে সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়ন হবে নাটক ‘সত্যি-মিথ্যা’। নাটকটি রচনা করেছেন সুদেব কুমার বিশ্বাস এবং নির্দেশনা দিয়েছেন ইয়াসমীন আলী।
ঢাকা,১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





