৫ নভেম্বর এফডিসি’র ৪নং ফ্লোরে শুটিং এর মধ্যদিয়ে শেষ হলো ‘সুইটহার্ট’ ছবির বাপ্পির অংশের শুটিং। এই ছবিটিতে বাপ্পির বিপরীতে অভিনয় করছেন মীম।
১৯ অক্টোবর মহরতের মধ্য দিয়ে শুরু হয়েছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ ছবির শুটিং। এই ছবিটির মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধলেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম।
এ সম্পর্কে বাপ্পি বলেন, ‘সুইটহার্ট ছবিটিতে আজ আমার অংশের শুটিং শেষ হলো, আমরা পুরো ইউনিট খুব যত্ন করে ছবিটির কাজ করছি। আমার চরিত্রটা আমি খুব ভালো ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি’।
ছবিটির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘আপাতত সুইটহার্ট ছবিতে বাপ্পির অংশের কাজ শেষ। এরই মধ্যে আমরা ছবিটির প্রায় ৮০ভাগ শুটিং সম্পূর্ণ করেছি। আগামী বছরের শুরুতে ‘সুইটহার্ট’ ছবির ইউনিট নিয়ে মালয়েশিয়া যাব। সেখানে কিছু দৃশ্য ও গানের দৃশ্যায়ন করা হবে’।
আগামীকাল থেকে বাপ্পি অংশগ্রহণ করবেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবির শুটিং এ। এই ছবিতে বাপ্পির বিপরীতে অভিনয় করছেন মাহি।
জেআই





