সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কলাম্বিয়ান পপতারকা শাকিরার পেইজটিতে ‘লাইক’ দিয়েছেন ১০ কোটি মানুষ।এই প্রথম কোনো তারকার পেইজে এত বেশি ‘লাইক’ পড়েছে। এর মধ্য দিয়ে ফেইসবুকের ‘মোস্ট লাইকড’ শিল্পীতেও পরিণত হলেন তিনি।

ফেইসবুকে ভক্তদের এই বিপুল সাড়া অভিভূত করেছে দুই বার গ্র্যামিজয়ী এই শিল্পীকে। নিজের পেইজে একটি ভিডিওবার্তায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
“ফেইসবুকে ১০ কোটি বন্ধু! সত্যিই অসাধারণ! সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের ভালবাসা, সমর্থন আর আস্থার জন্য। এটা অবিশ্বাস্য। সবার প্রতি আমার কৃতজ্ঞতা।”

মার্কিন পাক্ষিক পিপল ম্যগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিরা আরও জানান, সোশাল নেটওয়ার্কিং-এর এই সাইটে এমন এক মাইলফলক অতিক্রম করতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি। শিল্পীরা শ্রোতাদের সঙ্গে আরও ভালভাবে যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারছেন ফেইসবুকের মাধ্যমে; এর ফলে ভক্তদের সঙ্গে দূরত্বও অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি ।

ফেইসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান-নির্বাহী মার্ক জাকারবার্গও অভিভূত এই ঘটনায়। শাকিরাকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, “অভিনন্দন! কি দারুণ এক অর্জন এমন একজন অসাধারণ মানুষের জন্য।”

শাকিরা ফেইসবুকে প্রথম অ্যাকাউন্ট খোলেন ২০০৭ সালে। সাত বছরের পথচলায় তার ফেইসবুক প্রোফাইলে যুক্ত হয়েছে ক্যারিয়ারের অসংখ্য স্মরণীয় মুহূর্তের ছবি। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে তার দাতব্য কর্মকাণ্ড, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপ ফুটবলের সময়কার অভিজ্ঞতা, স্প্যানিশ ফুটবলার পিকের সঙ্গে সর্ম্পক, ছেলে মিলানের জন্ম- জীবনের স্মরণীয় নানা ধাপের অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে শাকিরা ভাগাভাগি করে নিয়েছেন এই প্ল্যাটফর্মে।

ফেইসবুকে নিজের এই অর্জন উদযাপন করতে শাকিরা এখন পোস্ট করছেন একের পর এক ভিডিও এবং স্মরণীয় মুহূর্তের ছবি। এসব ছবি এবং ভিডিওর গ্যালারিতে আছে, বিশ্বকাপে শাকিরার পরিবেশনা, ‘ওয়াকা ওয়াকা’, এবং ‘লা লা লা’-এর মতো গানগুলির ভিডিও, ছেলে মিলান আর সঙ্গী পিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সহ আরও অনেক কিছু।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই