জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও শামীম জামানের পরিচালনায় নির্মাণ হচ্ছে নাটক 'হিয়ার মাঝে লুকিয়ে ছিলে'। এ নাটকের মাধ্যমে প্রায় দুই বছর পর আবার অভিনয়ে ফিরেছেন মডেল কাম অভিনেত্রী রাজী আলী। অস্ট্রেলিয়ার সিডনিতে পড়াশোনা করছেন দেশে থাকা হয় না রাজীর। তাই নিয়মিত কাজও করা হয়ে উঠে না এ অভিনেত্রীর।

'হিয়ার মাঝে লুকিয়ে ছিলে' নাটকে তিনি জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন জাহিদ হাসানের সঙ্গে। পরিচালক শামীম জামানও অভিনয় করছেন এ নাটকে। বর্তমানে গাজীপুরের হোতাপাড়ার খতিব খামার বাড়িতে নাটকটির শুটিং চলছে।

নাটকটি প্রযোজনা করছে শামীম জামানের নিজস্ব প্রযোজনা সংস্থা শরৎ টেলিফিল্ম।

জাহিদ হাসান বলেন, মডেল হিসেবে রাজি বেশ চমৎকার। অভিনয়েও বেশ ভাল। যদি রাজী ধারাবাহিকভাবে অভিনয়ের কাজ করতেন তবে এখানে তার বেশ ভাল ভবিষ্যৎ হতে পারতো।

রাজী বলেন, এটা কতো বড় সৌভাগ্য আমার যে, আমি জাহিদ ভাইয়ের মতো অনেক বড়মাপের একজন অভিনেতার সঙ্গে কাজ করছি। সত্যিই আমি পরিচালক শামীম জামান ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ জাহিদ ভাইয়ের প্রতিও। তিনি আমাকে অনেক সহযোগিতা করছেন।

পরিচালক শামীম জামান বলেন, সত্যিকার অর্থেই একজন প্রবাসী মডেল কাম অভিনেত্রীর প্রয়োজন ছিল আমার নাটকের গল্পে। তাই রাজীকে নিয়েই কাজটি করছি।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই