অসম্ভবকে সম্ভব করতে কে না চায়! আর বিশেষ করে সেলিব্রিটি হলে তো কথাই নেই। বলিউড অভিনেত্রী পেলেন গার্ড অব অনার। না সিনেমায় নয়। বাস্তবে এই সম্মান পেলেন নার্গিস ফাকরি।

বাঘ সংরক্ষনের জন্য বিশেষ প্রকল্প নিয়েছে ভারত সরকার। কর্ণাটকের মহীশূরের কাবিনি অভয়ারণ্যে একটি বেসরকারি টিভি চ্যানেলের উদ্যোগে ‘সেভ টাইগার’ অনুষ্ঠানের দৃশ্যায়নে অংশ নিতে গিয়েছিলেন তিনি। তখনই ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীকে গার্ড অব অনার দেন বনকর্মীরা।
দৃশ্যধারণ শুরুর আগে নার্গিসকে স্যালুট জানান স্পেশাল টাইগার প্রোটেকশন ফোর্সের (এসটিপিএফ) একদল রক্ষী। দলটির নেতৃত্বে ছিলেন সহকারী বনরক্ষক লিঙ্গরাজু।

তবে অভিযোগও পিছু ছাড়েনি নার্গিসের। তাকে সম্মান জানিয়ে নিয়ম লঙ্ঘন ও বন বিভাগের ভাবমূর্তিকে অবমাননা করেছেন বনকর্মীরা, এমনই দাবি তুলেছেন পরিবেশবিদরা। তাঁদের যুক্তি, মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি অধিকর্তা, সরকারি অতিথি এবং অন্য সাংবিধানিক পদাধিকারী ছাড়া কাউকে এমন সম্মান জানানোর নিয়ম নেই। যদিও সরকারি নির্দেশে ব্যক্তিবিশেষে এই সম্মান দেওয়া যায়৷।

নার্গিসকে কারও নির্দেশনা ছাড়াই গার্ড অব অনার দেওয়া হলো কি-না তা নিয়েও তদন্তের দাবি তুলেছেন পরিবেশবিদরা।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই