হলিউডের অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগারের ছেলে প্যাট্রিক শোয়ার্জেনেগার পেশায় মডেল ও অভিনেতা। তাঁর বয়স ২১ বছর। অন্যদিকে মার্কিন গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাসের বয়সও ২১। সমবয়সী এ দুই তারকার অভিসারের জোর গুঞ্জন উঠেছে হলিউডে।
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে প্যাট্রিকের অ্যাপার্টমেন্ট থেকে মাইলি বের হওয়ার সময় ক্যামেরাবন্দী হওয়ার পর তাঁদের অভিসারের খবর ডালপালা মেলেছে। এবারই প্রথম নয়, ২০১১ সালেও তাঁদের অভিসারের গুঞ্জন উঠেছিল।
বছর খানেক আগে দ্য লাস্ট সং ছবির সহঅভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে মাইলির বাগদান ভেঙে যায়। এরপর অনেকের সঙ্গেই মাইলির প্রেমের খবর চাউর হয়েছে। মাইলির প্রেমিকের তালিকায় এবার যুক্ত হলো প্যাট্রিকের নাম। গত পরশু লস অ্যাঞ্জেলেসে প্যাট্রিকের অ্যাপার্টমেন্টে ঢোকেন মাইলি। কয়েক ঘণ্টা প্যাট্রিকের সঙ্গে সময় কাটিয়ে সেখান থেকে বের হওয়ার সময় ক্যামেরাবন্দী হন ‘রেকিং বল’খ্যাত এই গায়িকা। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলিমেইল ডটকম।
ঘটনার এখানেই শেষ নয়। দিন কয়েক আগেই প্যাট্রিকসহ কয়েকজন বন্ধু-বান্ধবের সঙ্গে এ বছরের হ্যালোইন উৎসব উদযাপন করেন মাইলি। তাঁদের উৎসব উদযাপনের সময় তোলা একটি ছবিও প্রকাশিত হয়েছে। এর আগে ২০১১ সালে মাইলি ও প্যাট্রিকের প্রেমের খবর চাউর হয়েছিল।
মাইলি এ বিষয়ে মুখ না খুললেও তাঁর প্রতি দুর্বলতার কথা জানিয়েছিলেন প্যাট্রিক। যুক্তরাষ্ট্রের ডিটেইলস ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে প্যাট্রিককে জিজ্ঞেস করা হয়, কোনো তারকার প্রতি তাঁর দুর্বলতা আছে কি না। জবাবে প্যাট্রিক বলেন, আমার চোখ এখন মাইলির ওপর।
জেআই





