চিত্রনায়িকার মাহির চোখ টিভি পর্দায়। সেখানেও দেখা যাচ্ছে তার মুখ। মঞ্চে দাঁড়িয়ে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। টিভিতে যা দেখা যাবে তার সংলাপ বাইরে থেকে দিচ্ছেন মাহি। এটি ‘দেশা : দ্য লিডার’ ছবির ডাবিংয়ের ঘটনা।
‘ভালোবাসার রং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মাহির। এরপর ‘অন্যরকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসা’, ‘অগ্নি’, ‘কি দারুণ দেখতে’ এবং ‘দবির সাহেবের সংসার’ ছবিগুলো মুক্তি পেয়েছে তার। শুরুর দিকের দুই-তিনটি ছবিতে তিনি ডাবিং করেননি। তবে এখন তিনি নিজের অভিনীত ছবির ডাবিং নিজেই করেন।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের ছবি ‘দেশা : দ্য লিডার’ পরিচালনা করছেন সৈকত নাসির। ৩ সেপ্টেম্বর জাজ মাল্টিমিডিয়ার স্টুডিওতে মাহি ডাবিং করেছেন। দৃশ্যটা নিয়ে জানতে চাইলে পরিচালক সৈকত নাসির জানান, আগামী নির্বাচনে কে হবে পরবর্তী নেতা। এজন্য নির্বাচনের সম্ভাব্য পদপার্থীদের এসএমএস-এর মাধ্যমে নির্বাচন করে টিভি সেটে ডাকা হয়েছে। আর সেখানে উপস্থাপনা করছেন মাহি। এমনই একটি দৃশ্যে কণ্ঠ দিলেন মাহি।
মাহি বলেন, ‘এ ছবিতে আমার চরিত্রের নাম সৃষ্টি। এখানে আমাকে দর্শকরা চ্যানেল ৯৯ নামের একটি টিভি চ্যানেলের সংবাদকর্মী ও উপস্থাপিকা হিসেবে দেখবেন। গল্পে ‘হু ইজ আওয়ার নেক্সট লিডার’ টিভি অনুষ্ঠানে উপস্থাপনার অংশের দৃশ্যের ডাবিং করলাম আজ।’
এ ছবিতে মাহির সহশিল্পী তারিক আনাম খান, শিপন, মঞ্জুরুল করিম, সোহেল খান প্রমুখ। এ ছবির বেশিরভাগ গানের সুর ও সংগীত পরিচালনা করছেন শফিক তুহিন। আগামী কোরবানির ঈদে ‘দেশা : দ্য লিডার’ মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





