বলিউডের শীর্ষ তিন প্রতিদ্বন্দ্বী নায়ক শাহরুখ, সালমান ও আমিরকে কখনো একসঙ্গে পর্দায় দেখেনি বলিউড। তবে অবশেষে বলিউডের এই শীর্ষ তিন জনকে একসঙ্গে দেখার সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের সাক্ষী হতে চলেছে পুরো বলিউড। এবার তিন খানকে দেখা যাবে এক মঞ্চে।
এতদিন তিন খানের ঠোকাঠুকির খবরেই সরগরম থাকতো বলিউড। কিন্তু তিন খানের মুখ দেখাদেখি বন্ধের এতদিনের সেই দৃশ্যপট পাল্টে যায় সম্প্রতি সালমানের বোন অর্পিতার বিয়ের অনুষ্ঠানের পর থেকে। সালমানের বোন অর্পিতার বিয়ের অনুষ্ঠানে শাহরুখ-সালমানের পূনর্মিলনের পর নাকি ঘণ্টার পর ঘণ্টা আড্ডাও মেরেছেন রূপালী পর্দার এই তিন মহারথী। কিন্তু তা সত্ত্বেও এক স্ক্রিনে তিন জনকে এখনও পর্যন্ত কেউই ধরতে পারেননি। কিন্তু এবার রজত শর্মার টিভি অনুষ্ঠান আপ কি আদালত-এ দেখা যাবে বলিউডের এই তিন সুপারস্টারকে।
এতদিন কেউ না পারলেও এই মিরাকেলটা করে ফেললেন রজত শর্মা। অসম্ভবকে সম্ভব করে ছোটপর্দায় তার বিখ্যাত চ্যাট শো ‘আপ কি আদালত’-এ একসঙ্গে মুখ দেখাতে এই তিনজনকে রাজি করিয়ে ফেললেন রজত।
আগামী ২ ডিসেম্বর নতুন দিল্লির প্রগতি ময়দানে ‘আপ কি আদালত’-এর ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টিভি অনুষ্ঠানে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে তিন খানকে। সেই রেয়ারেস্ট অব রেয়ার মুহূর্তের প্রতীক্ষায় এখন পুরো বলিউড।
জানা গেছে, শাহরুখ, সালমান ও আমির ছাড়াও টিভি শোটির একই মঞ্চে উপস্থিত থাকবেন রণবীর কাপুর, দীপিকা পড়ুকোন, প্রিয়াঙ্কা চোপরা, সোনাক্ষী সিনহার মত তারকারা। কিন্তু তিন খান যখন এক সঙ্গে এক মঞ্চে, তখন স্পট লাইট যে তাদের ওপর পড়বে সে কথা বোধহয় বলার অপেক্ষা রাখে না।
কেএইচ





