দুজনেরই ক্যারিয়ারের শুরুর দিকে প্রেম-রোমান্স নিয়ে  কানাঘুষা শোনা গেলেও এবার কিন্তু ভাই-বোনের চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর সিং ও আনুশ্কা শর্মা। জয়া আখতারের পরবর্তী ছবিতেই ভাই-বোনের চরিত্রে দেখা যাবে তাদের।
জানা যায়, জয়া আখতারের নতুন ছবিটি নিয়ে বলিউডে আলাপ আলোচনা অনেক আগে থেকেই। ছবিতে ভাই চরিত্রে রণবীর কাপুর আর তার বোনের চরিত্রে অভিনয়ের জন্য জয়া প্রস্তাব দিয়েছিলেন কারিনাকে। কাপুর পরিবারের সত্যিকারের দুই ভাই-বোনকে একসঙ্গে দেখার আগ্রহও ছিলো দর্শকদের মধ্যে। কিন্তু সিডিউল সমস্যার কারণে তাদের কেউই সময় দিতে পারেননি।
তাই রণবীর কাপুরকে বাদ দিয়ে রামলীলা তারকা রণবীর সিংকেই বেছে নেন জয়া। আর বোনের চরিত্রে অভিনয় করার কথা ছিলো প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা নয় বরং রণবীরের বোনের চরিত্রে আনুশ্কাকেই চাইছেন জয়া। যদিও আনুশ্কা ছবিটিতে অভিনয় করছেন কিনা তা নিশ্চিত করেননি।
রণবীরের পুরনো প্রেমিকা আনুশ্কার পুনর্রাগমন বর্তমান প্রেমিকা দীপিকা কি চোখে দেখেন সেটাই এখন দেখার বিষয়।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]