করোনা মহামারীর দীর্ঘ বিরতিতে বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে বলিউডে শুটিং। বলিউড কিং খ্যাত শাহরুখ খান কাজে ফিরেছেন ।

বলিউড বাদশাহর নতুন সিনেমা 'পাঠান' এর শুটিং শুরু হয়েছে। ভারতের মুম্বাইয়ে শুটিংয়ের অনুমতি পেয়েছে ছবিটি। শাহরুখের সঙ্গে এরইমধ্যে জন আব্রাহামও যোগ দিয়েছেন।

সিনেমাটির সঙ্গে অন্তর্ভুক্ত হচ্ছেন দুনিয়ার অন্যতম জনপ্রিয় ফাইটিং স্টান্ট শিল্পী ক্রেগ ম্যাক্রে। 'ম্যাড ম্যাক্স : ফিউরি রোড' এবং 'অ্যাভেঞ্জার্স : এজ অফ আলট্রন'- এর মত হলিউডের অনেক বিখ্যাত সিনেমাতে কাজ করেছেন ক্রেগ ম্যাক্রে।

তবে বলিউডে এর আগেও কাজ করেছেন তিনি। হৃত্বিক রোশন অভিনীত 'ওয়ার' সিনেমায় কাজ করেছেন ক্রেগ। এবার 'পাঠান'- এ দেখা যাবে তার মারপিট দৃশ্যের মুন্সিয়ানা। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এ সিনেমাটিতে কাজ করতে গেল ৮ জুন ক্রেগ ভারতে আসেন।

কোয়ারেন্টাইন শেষ করে শাহরুখ ও জনের সঙ্গে কাজ শুরু করেছেন তিনি। যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি হচ্ছে 'পাঠান'। এ সিনেমায় মোট ৪ জন একশন পরিচালক কাজ করছেন। ধারণা করা হচ্ছে সিনেমার মূল আকর্ষণ হবে এর একশন দৃশ্যগুলো।

প্রসঙ্গত, প্রায় ২ বছর বিরতির পর 'পাঠান' সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন।

চলতি সপ্তাহেই এ সিনেমার টিমে যোগ দিবেন বলিউডের এই বিউটি কুইন। সিনেমাটির ছোট একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন বলিউডের ভাইজান খ্যাত ‘সালমান খান’।

এইচএন