বশির আহমদের পরিকল্পনা ও পরিচালনায় এবং নাহিদ হাজারিকার উপস্থাপনায় বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজার থেকে শুরু হলো ভিন্ন ধর্মী ট্রাভেল শো ”ট্রাভেলার্স আই’এর শুটিং।
অনুষ্ঠান সম্পর্কে পরিচালক বশির আহমদ টাইমনিউজবিডিকে বলেন, একজন পর্যটকের দৃষ্টি থেকে একটি লোকেশন দেখবার ও দর্শকদের দেখাবার জন্যই এই পরিকল্পনা। আমাদের দেশে দেখবার মতো অনেক আকর্ষনীয় মনোরম লোকেশন রয়েছে, রয়েছে গর্ব করার মতো স্থাপনা যা সারা বিশ্বের ভ্রমন পিপাষুদের সামনে তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করবে ”ট্রাভেলার্স আই’।
পরিচালক আরো বলেন, শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ না থেকে এ অনুষ্ঠান সবার কাছে আকর্ষনীয় করতে বিশ্বের অন্যান্য দেশের পর্যটন এলাকাগুলোকেও পর্যায়ক্রমে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানটি কোন চ্যানেলে প্রচার করা হবে জানতে চাইলে বশির আহমদ বলেন, বেশ কয়েকটি টিভি চ্যানেল অনুষ্ঠানটি প্রচারে আগ্রহ প্রকাশ করেছে, তবে এখনও নির্দিষ্ট হয়নি। খুব শিঘ্রই জানানো হবে কোন টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানটি দেখা যাবে।
হঠাৎ এ ধরনের অনুষ্ঠান নির্মানের উদ্যোগ কেন নিলেন জানতে চাইলে অনুষ্ঠানটির পরিচালক বশির আহমদ বলেন, পরিকল্পনাটি হঠাৎ করে নয় প্রায় তের বছর আগে আমি যখন একুশে টিভিতে প্রযোজক হিসেবে কাজ করছিলাম তখন থেকেই এ জাতীয় একটি অনুষ্ঠান দর্শকদের জন্য নির্মাণের ইচ্ছা পোষণ করে আসছিলাম। কিন্তু এর জন্য যে পরিমান বাজেট ও গবেষণার প্রয়োজন তখন সেটা ছিল না, তাই মনের ভেতরে এতগুলো বছর সুপ্ত ছিল এই স্বপ্ন, আশাকরি দেরীতে হলেও দর্শকদের মন জয় করতে পারবে এই ভিন্নধর্মী ট্রাভেল শো ট্রাভেলার্স আই”।
অনুষ্ঠানের নাম বাংলায় না দিয়ে ইংরেজিতে দেয়ার কারণ জানতে চাইলে স্বভাব সুলভ হাসি দিয়ে তিনি বলেন, অনুষ্ঠানটি যেহেতু সারাবিশ্বের দর্শকদের উদ্দেশ্যে তাই সবার বুঝতে সুবিধা হয় এবং নাম শুনলেই যেন অনুষ্ঠানটি সম্পর্কেং একটি ধারণা দর্শক পেয়ে যায় সেটা মাথায় রেখে এমন একটি নাম দেয়ার চেষ্টা করেছি।
বশির আহমদ সব সময়েই একটু ভিন্ন ধর্মী অনুষ্ঠান নির্মান করে থাকেন। তার প্রযোজনায় একুশে টিভির মুক্তখবর, বৈশাখী টিভিতে প্রযোজক থাকাকালীন বিদেশী রাষ্ট্রদূতদের নিয়ে ওয়ালটন বাংলাদেশ এন্ড মী, আর টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ফেসবুক গতানুগতিকতা থেকে একটু আলাদা ধাচের। সে বিবেচনায় আশাকরা যায় এ অনুষ্ঠানটিও দর্শকদের ভিন্ন স্বাদ দিতে সক্ষম হবে।
এরই মধ্যে অনুষ্ঠানের বেশ কয়েকটি পর্ব এডিটিং করা হয়েছে। শ্রীঘ্রই টেলিভিশনের পর্দায় আসবে বলে তিনি জানান।
জেএ





