'কিছু আশা কিছু ভালোবাসার' সেই ভয়ংকর প্রেমিক শিমুল খান এবার মাফিয়া হিসেবে হাজির হচ্ছেন ইফতেখার চৌধুরীর 'ওয়ানওয়ে'ছবিতে।                    
এর আগে ইফতেখার চৌধুরীর 'দেহরক্ষী' ছবিতে সাইড ভিলেন হিসেবে দেখা গিয়েছিল শিমুল খানকে। আর সেই সফলতার ফল ঘরে তুলতে না তুলতেই কিছু আশা কিছু ভালোবাসায় শিমুল খান হাজির হন প্রধান ভিলেন হিসেবে।
শাবনুর, মৌসুমী ও নবাগত হ্যাপী নাজনীনের বিপরীতে দাড়িয়ে যান এক ভয়ংকর প্রেমিক হিসেবে। আর তাই শিমুলকে মোকাবেলা করতে গিয়ে হিমশীম খেতে হয় ঐ ছবির নায়ককে।
শিমুল খান এবার হাজির হবেন বাংলাদেশের একজন বিখ্যাত মাফিয়ার চরিত্রে।
তার অভিনীত চরিত্রের নাম বেলজিয়াম কালাম।
শিমুল খান বলেন, এই প্রথম আমি একটি বাস্তব চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এতে একজন স্মার্ট মাফিয়ার ভূমিকায় আমাকে দেখা যাবে।
ছবিটিতে আরও আছেন বাপ্পি, ববি ও আনিসুর রহমান মিলন। আগামী ১৯ এপ্রিল থেকে শিমুল খান শুটিং শুরু করবেন।
বর্তমানে তিনি মোস্তাফিজুর রহমান মানিকের 'ইটিশ পিটিশ প্রেম', সৈকত নাসিরের দেশা-দ্য লিডার, রিকিয়া মাসুদোর দ্য-স্টোরি অব সামারা এবং নায়ক বাপ্পারাজ পরিচালিত 'কার্তুজ' ছবিতে অভিনয় করছেন।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]