প্রায় চার বছর পর বড় পর্দায় আবারও দেখা যাবে শখ’কে। তার দ্বিতীয় ছবি আগামী ২৯ আগস্ট ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে। এই ছবিতে শখের বিপরীতে অভিনয় করেছেন নিলয়। এটি নিলয়েরও দ্বিতীয় ছবি।

ছোট পর্দায় নিলয়ের সঙ্গে শখ অভিনয় করলেও এবারই প্রথম বড় পর্দায় জুটি বাঁধলেন তারা। এটি পরিচালক হিসেবে সানিয়াত হোসেনের প্রথম ছবি। তিনি বলেন, ‘রূপালি পর্দার প্রতি ভালোবাসা থেকেই ছবিটি তৈরি করেছি। নতুন সময়ের প্রেমের গল্প বলতে চেয়েছি আমার ছবিটিতে। প্রেমের গল্পের নতুন দিনের ছবিও বলা যায় এটাকে। আশা রাখি ছবির গান, দৃশ্যপট, গল্প, পাত্রপাত্রীদের অভিনয় সবই ভালো লাগবে দর্শকের।’

শখের প্রথম ছবি ‘বলো না তুমি আমার’ মুক্তি পায় ২০১০ সালে। এতে তার সহশিল্পী ছিলেন সাকিব খান। নিজের নতুন ছবি নিয়ে শখ বেশ রোমাঞ্চিত। তিনি বলেন, ‘এ ছবির জন্য অনেক পরিশ্রম করেছি। এটা সব বয়সী দর্শকের ভালো লাগবে আশা রাখি।’

‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিতে আরও অভিনয় করেছেন শম্পা রেজা, মিশা সওদাগর, কাবিলা, শহিদুল আলম সাচ্চু, আন্না, হৃদি, শামীম প্রমুখ।

২৫ মে কোনো কাটছাট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘অল্প অল্প প্রেমের গল্প’। এর প্রযোজনা প্রতিষ্ঠান শুগার প্রোডাকশনস জানিয়েছে, প্রথম সপ্তাহে ছবিটি প্রায় ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। প্রতিষ্ঠানটির আশা, ‘অল্প অল্প প্রেমের গল্প’ দেশীয় চলচ্চিত্রের বিকাশে নতুন মাত্রা যোগ করবে।

ঢাকা, ২৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই