আসছে জনপ্রিয় গায়ক মনির খানের ৪১ তম অ্যালবাম। কাজ চলছে পুরোদমে। ঈদ উপলক্ষেই মুক্তি পাবে অ্যালবামটি। মনির খান বলেন, ‘গায়ক হিসেবে আমার শ্রোতাদের কাছে দ্বায়বদ্ধতা আছে। তাছাড়া অনেকদিন আমার কোন গান বাজারে নেই। যেখানেই যাই, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই। আমার গান নেই কেনো, নতুন গান কবে হবে, অ্যালবাম করে আসবে- ইত্যাদি। তাই এই অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিলাম।’
অ্যালবামের গান লিখবেন মিল্টন খন্দকার। গানগুলোর সুর ও সঙ্গীতায়োজনও করবেন তিনি। আপাতত গান বাছাই চলছে। এরপর শুরু হবে রেকর্ডিং। শিল্পী জানিয়েছেন অ্যালবামে দ্বৈত গান থাকবে, তবে সেটা নির্ভর করবে গানের কথার উপর। গান রেকর্ডিং সম্পন্ন হলে নাম ঠিক করা হবে অ্যালবামের।
অ্যালবাম প্রকাশ এবং ব্যানার নিয়ে মনির খান বলেন, ‘অডিও বাজারের মন্দাবস্থার কথা নতুন করে বলার কিছু নেই। শুধু সিডি আকারে প্রকাশ করলে লগ্নিকরা ঢাকাও আসে না, আবার সব শ্রোতা শুনতেও পারে না। আর আজকাল ডিজিটাল ভাবে গান প্রকাশিত হচ্ছে, সাড়াও পাওয়া যায় ভালো। তাই অনলাইনে, টেলিকম কোম্পানীর মাধ্যমেও অ্যালবামটি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।’
প্রায় তিন বছর আগে প্রকাশিত হয়েছে মনির খানের ৪০ তম একক অ্যালবাম ‘তোমার জন্য’। বর্তমানে গানের পাশাপাশি মেয়র নির্বাচনী প্রচারনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন তিনি।
জেআই





