এখন পর্যন্ত বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাটি ঝুলিতে পোরার পর বেশ ভালোই কাটছে সালমান খানের সময়। শিগগিরই রিয়েলিটি টিভি শো বিগ বস নিয়ে ছোটপর্দায়ও হাজির হতে যাচ্ছেন ভারতের এই মহাতারকা। এত সাফল্যের মাঝেও একটু অপূর্ণতা হয়তো রয়েই গেছে। এক সাক্ষাৎকারে মুখ ফুটে বলেই ফেললেন, বাবা হতে চান তিনি।

সম্প্রতি ভারতীয় সাময়িকী ফিল্মফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সন্তান চাই। কিন্তু স্ত্রী ছাড়া সন্তান চাই। আবার আমি এটাও চাই যে আমার বাচ্চাদের মা থাকুক।”
সালমানের হঠাৎ বাবা হতে চাওয়ার খায়েশ অনেককেই অবাক করেছে। এ বছরের শুরুতেই ‘জয় হো’ সিনেমার প্রচারের সময় তিনি বলেছিলেন বিয়ে করার ‘মুড’ নেই তার।

কিন্তু আবার ‘কিক’ এর প্রচারের সময় তিনি বলেন, ভালো স্বামী হওয়ার গুণাবলী তার মধ্যে না থাকলেও তার বিশ্বাস ভালো বাবা হতে পারবেন তিনি। ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে তিনি আরও বলেন, “দুই তিন বছরের মধ্যে যদি আমার বাচ্চা হয় তাহলে আমার ছেলের বয়স যখন ত্রিশ হবে তখন আমার বয়স হবে আশি, তাও যদি আমি এতদিন বাঁচি। ধরুন যদি আমি ৭০ বছর বয়সে মরে যাই, আমার ছেলে ১৫ বছর বয়সে বাবাকে হারাবে।”

বাবা-মায়ের সঙ্গে এখনও একই ছাদের নিচে বসবাসকারী সালমান আরও বলেন, তিনি মনে করেন তার জীবন স্বয়ংসম্পূর্ণ আর জীবন বাবা-মায়ের সঙ্গেই উপভোগ্য।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই