মারুফের নতুন নায়িকা হতে যাচ্ছেন নির্জনা। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন শাহাদাৎ হোসেন লিটন। জুন থেকে ছবিটির শুটিং শুরু হবে।

এই সম্পর্কে পরিচালক ঢালিউড২৪’কে বলেন ‘বর্তমানে ছবিটির গল্প লেখার কাজ চলছে। খুব শীঘ্রই তা শেষ হবে। এরপর আমরা ছবিটির নাম চূড়ান্ত করবো। নির্জনা ছাড়াও আরেকজন নায়িকা থাকবে তবে এখনো চূড়ান্ত করিনি বলে নাম বলতে পারছিনা’।

নির্জনা বলেন, ‘ছবিটিতে চলতি বছরের শুরুর দিকে চুক্তিবদ্ধ হই। মারুফ ভাই অনেক বড় একজন গুণী অভিনেতা। তার সাথে কাজ করতে পারবো, সেজন্য নিজেকে ধন্য মনে হচ্ছে’।

ছবিটির গল্প লিখছেন পি. জি. মোস্তফা। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হবার কথা রয়েছে।

গত বছর মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘হরিজন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে সাদিয়া আফরিন নির্জনা’র। এরপর মুক্তি পায় তার দ্বিতীয় ছবি কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকবো’। এবার সে তার ক্যারিয়ারের তৃতীয় ছবি নিয়ে হাজির হচ্ছেন তিনি। কালাম কায়সার পরিচালিত ছবিটির নাম ‘ভালোবাসতে মন লাগে’। ছবিটি সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।

এদিকে কাজী হায়াতের পরিচালনায় মারুফ ‘ছিন্নমূল’ চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। তার বিপরীতে কাজ করছেন অরিন।

ইআর