আবার টেলিভিশনে ফিরছেন শাহরুখ খান। ভারতের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল 'কালারস'-এর সঙ্গে এরই মধ্যে এ সংক্রান্ত আলোচনাও চূড়ান্ত করে ফেলেছেন তিনি।

জানা গেছে, বিখ্যাত ব্রিটিশ টিভি অনুষ্ঠান 'গট ট্যালেন্ট' অবলম্বনে নির্মিত একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দেখা মিলবে শাহরুখের।

অনুষ্ঠানটির সঙ্গে জড়িত থাকবেন প্রখ্যাত ব্রিটিশ টেলিভিশন প্রযোজক সিমন কোয়েল। 'গট ট্যালেন্ট' অনুষ্ঠানটিরও প্রযোজক তিনি।

ভারতে এরই মধ্যে 'গট ট্যালেন্ট' অবলম্বনে 'ইন্ডিয়া'স গট ট্যালেন্ট' নামে একটি অনুষ্ঠান প্রচার চলছে। তবে শাহরুখের নতুন অনুষ্ঠানসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, তাদের অনুষ্ঠানটি হবে ভিন্ন মাত্রার। এটিও ট্যালেন্ট শো বটে, তবে এখানে অংশ নেবে সারা বিশ্বের প্রতিযোগিরা।

আকর্ষণ আর কৌতুহল জিইয়ে রাখতে এরচেয়ে বেশি বলা হয়নি মিডিয়াকে। তবে ডিসেম্বর নাগাদ অনুষ্ঠানটির প্রচার শুরুর পরিকল্পনা চলছে বলে জানা গেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ