কোহলি তার ৪২ দিনের ইংল্যান্ড সফরে সঙ্গী হিসেবে নিয়ে গেছেন আনুশকাকেও। যদিও এর আগে নায়িকা আনুশকা শর্মার সঙ্গে ভারতের তরুণ ক্রিকেটার বিরাট কোহলির ডেটিং নিয়ে অনেক কথাই শোনা গেছে। তবে সব কিছু ফেলে, শুটিং বাতিল করে আনুশকা এখন বিরাটের পাশে।

ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রমী ঘটনা। এমনিতে ভারতীয় দল বিদেশ সফরে গেলে তাদের সঙ্গে স্ত্রীদেরও যেতে দেয়া হয় না। কিন্তু এবার স্ত্রী পুত্র ছাড়াও বান্ধবীকেও ক্রিকেটারদের সঙ্গে যাওয়ার খবরে বেশ কৌতূহল তৈরি হয়েছে। বিজয়, তেজেন্দ্র পূজারা, গৌতম গম্ভীরদের স্ত্রী সন্তানরা ছাড়াও এবার বিরাট কোহলির সঙ্গী হয়েছেন বান্ধবী আনুশকা।

এই মুহূর্তে নটিংহামের হোটেলে রয়েছেন দুজনে। অবশ্য দাবি করা হচ্ছে, আনুশকাকে বান্ধবী হিসেবে সঙ্গে করে নেয়ার আগে কোহলি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিসিআইর অনুমতি নিয়েছেন।

ভারতীয় দল ৫ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গেছে। ৪২ দিন তারা সেখানকার বিভিন্ন শহরে খেলবেন। তবে আনুশকাকে বান্ধবী হিসেবে কোহলির সঙ্গী করা নিয়েই প্রবল আলোচনা চলছে। অনেকেই বলছেন, বিসিসিআই এতোটা সাহসী হয়ে উঠল কী করে?

অন্যদিকে বলিউডেও আনুশকার এই অভিসার নিয়ে জোর আলোচনা চলছে। সবকিছু বাতিল করে আনুশকার ইংল্যান্ড যাওয়া কি প্রমাণ করছে কোহলির সঙ্গে তার সম্পর্ক একটি মাত্রা পেতে চলেছে?

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই