চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী শফিক তুহিন, মাহমুদ জুয়েল, ইমরান ও জেকে।                    
পহেলা বৈশাখ উপলক্ষে প্রথমবারের মতো একটি গানে একসঙ্গে কণ্ঠ দিলেন এই গুণী চার শিল্পী। বাংলার বৈশাখ শিরোনামের গানটির কথা লিখেছেন শফিক তুহিন ও মাহমুদ জুয়েল আর সুর-সংগীতায়োজন করেছেন জেকে। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণ সম্পন্ন হয়েছে।
আজ থেকে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে এ গানটি। এটি মূলত বৈশাখ উপলক্ষে শ্রোতা-দর্শকের জন্য এ চার শিল্পীর উপহার। এ বিষয়ে শফিক তুহিন বলেন-পহেলা বৈশাখ উপলক্ষে এই প্রথম আমরা চারজন একসঙ্গে গান করলাম। অনেক সুন্দর একটি কাজ হয়েছে। আজ থেকে ভিডিওটিও অনএয়ার হচ্ছে সবকটি চ্যানেলে। এটা বৈশাখে সবার জন্য আমাদের উপহার।
মাহমুদ জুয়েল বলেন-আমি গানটি নিয়ে এক্সাইটেড। কথা-সুর-সংগীতায়োজন-ভিডিও মিলিয়ে অনেক আলাদা হয়েছে গানটি। আশা করছি ভাল লাগবে সবার। ইমরান বলেন-এই প্রথম তুহিন, জুয়েল ও জেকে ভাইয়ের সঙ্গে গাইলাম। তাও আবার বৈশাখের গান। আমার মনে হয় গানটি বৈশাখে শ্রোতা-দর্শকদের মধ্যে রঙ ছড়াবে।
জেকে বলেন- গানটি গাওয়ার পাশাপাশি এর কম্পোজিশন করেছি আমি। আমাদের গাওয়া বাংলার বৈশাখ গানটি সবার ভাল লাগবে বলেই আমার বিশ্বাস।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]