ভারতের চলমান ধর্ষণ ইস্যু নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছেন অভিনেত্রী আয়শা টাকিয়া ও তার শ্বশুর।                    
আয়শার শ্বশুর আবু আজমি ভারতের সমাজবাদী পার্টির মহারাষ্ট্র শাখার নেতা। সারা ভারত যখন ধর্ষকের বিরুদ্ধে একাট্টা তখন সপা প্রধান বলেন, ছেলেদের মাঝে মধ্যে এমন ভুল হয়৷ কিন্তু তাদের ফাঁসির সাজা দেওয়া উচিত নয়৷
পার্টির দলীয় প্রধানের সবুজ বাতি দেখে আবু আজমী করে বসেন আরও এক কাঠি সরেস মন্তব্য, তিনি বলেন, শুধুমাত্র অভিযুক্ত পুরুষকেই নয়, ফাঁসি দেওয়া উচিত ধর্ষিতা মহিলাকেও! স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন,ধর্ষণ অবশ্যই দণ্ডনীয় অপরাধ। কিন্তু সবক্ষেত্রেই পুরুষের শাস্তি হয়। মহিলার দোষ থাকলেও, তিনি সাজা পান না।
বিষয়টি বিস্তারিত আলোচনাও করেন আবু আজমি। তিনি জানান, অনেক সময়ই দেখা যায় দু'জনের সহমতের ভিত্তিতে শারীরিক সম্পর্ক হয়েছে। কিন্তু মহিলা যদি তাঁর সঙ্গীর বিরুদ্ধে মামলা করেন, তবে শাস্তি পান পুরুষই। এর বদল হওয়া উচিত বলে দাবি করেন তিনি।
এছাড়া যে সব মহিলা পরকীয়ায় জড়ান, তাঁদেরও ফাঁসির দাবি তুলেছেন আবু আজমি। তবে বাইরে যাই হোক আবু আজমির এই মন্তব্যের প্রতিবাদ এসেছে তার ঘর থেকেই। তার পুত্রবধু বলিউড অভিনেত্রী আয়শা টাকিয়া শ্বশুরের মন্তব্যের জেরে টুইট করেন, আমার শ্বশুর মশাই আবু আজমির যদি ওই মন্তব্য করে থাকেন, তবে আমি ও আমার স্বামী তার জন্য লজ্জিত। এই ধরনের মন্তব্য মহিলাদের প্রতি অবমাননাকর।
তবে এতেই সম্ভবত মুক্তি মিলছে না আজমীর। তাকে দাড়াতে হতে পারে নির্বাচন কমিশনের জবাবদিহিতার মুখেও।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]