দীর্ঘদিন ধরে টিভি পর্দায় দেখা নেই আলোচিত সমালোচিত মডেল অভিনেত্রী সারিকার।

মিডিয়া থেকে নিজেকে একেবারেই দূরে সরিয়ে রেখেছেন তিনি। করছেন না অভিনয়। এমনকি মিডিয়া সংশ্লিষ্ট কারো সঙ্গে তেমন যোগাযোগ রাখছেন না।

তবে সারিকা অভিনয়ে না ফিরলেও, দীর্ঘদিন পর টিভি পর্দায় ফিরছেন। মাছরাঙা টিভির ‘এক বৃত্তের তিন আকাশ’ টেলিছবিতে দেখা যাবে তাকে। এটি লিখেছেন মেহেদী হাসান জনি, পরিচালনা করেছেন বি ইউ শুভ। সারিকার সঙ্গে এতে আরও অভিনয় করেছেন সাব্বির আহমেদ, তানভীর ও নিশো।

বি ইউ শুভ বলেন, ‘টেলিছবিটির কাজ করেছিলাম বেশ কিছুদিন আগে। সাউন্ডের কিছু সমস্যার কারণে প্রচার করা সম্ভব হয়নি। সারিকার কণ্ঠ ডাব করার প্রয়োজন ছিলো। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করে বারবার ব্যর্থ হচ্ছিলাম। সম্প্রতি সারিকা নতুন করে কণ্ঠ দেওয়ায় টেলিছবিটি এবার প্রচারের মুখ দেখছে।’

‘এক বৃত্তের তিন আকাশ’ টেলিছবির গল্পে দেখা যাবে, সারিকা একরোখা মেয়ে। যা চায় তা না পেলে ভীষণ রেগে যায়। পড়ালেখার জন্য অস্ট্রেলিয়া যেতে চাইলে মা সায় দেয় না। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই সাব্বির, তানভীর ও নিশোর সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় সারিকার। একপর্যায়ে তিনজনই সারিকাকে ভালোবেসে ফেলে। এ নিয়ে বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।

১০ জুলাই রাত ৮টায় মাছরাঙা টিভিতে দেখা যাবে টেলিছবিটি।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই