বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথম নির্মাণ করা হচ্ছে হরর মুভি ‘দ্য স্টোরি অব সামারা’। সম্প্রতি ছবিটির শতভাগ শুটিং শেষ হয়েছে। কোরবানির ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে।
ভারটেক্স প্রোডাকশন প্রযোজিত ‘দ্য স্টোরি অব সামারা’ পরিচালনা করছেন জাপান ফেরত বাংলাদেশি পরিচালক রিকিয়া মাসুদো। ছবিটির শুটিং সম্পর্কে তিনি বলেন, ‘সম্প্রতি ছবির শতভাগ শুটিং শেষ হয়েছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এডিটিং, ডাবিং শেষ করে শিগগিরই ছবিটিকে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।’
জানা গেছে, হরর ছবি বলেই কাজটিতে প্রচুর অ্যানিমেশন থাকবে। আর এ কাজে শতভাগ পারফেকশনের জন্য বেলজিয়াম থেকে টেকনিশিয়ান আনা হয়েছে।
ছবির প্রযোজক জানে আলম বলেন, ‘আমরা চেষ্টা করছি ছবিটি যেন শেষ পর্যন্ত হলিউডের হরর মুভির মতো মানসম্পন্ন হতে পারে। সে জন্য যথাসম্ভব চেষ্টা করতে কোনো কার্পণ্য করছি না। এ কারণেই বেলজিয়াম থেকে টেকনিশিয়ান এনেছি। এনিমেশন যেহেতু এ মুভির বিশেষ গুরুত্বপূর্ণ অংশ, এ কাজে কোনোরকম ছাড় দিতে আমরা রাজি না।’ দেশের চলচ্চিত্রের ইতিহাসে ‘দ্য স্টোরি অব সামারা’ গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে বলেও তিনি মনে করেন।
‘দ্য স্টোরি অব সামারা’ ছবিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, কাবিলা, রিকিয়া মাসুদো, সিবা, সাঞ্জু, পিয়া, আমান প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করেছেন আনোয়ার হক। গান গেয়েছেন সামিনা চৌধুরী, এসআই টুটুল, ন্যান্সি প্রমুখ।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





