মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়া প্রযোজিত ও সফল চলচ্চিত্র পরিচালক সাফি উদ্দিন সাফি নির্মিত ‘ব্ল্যাকমানি’ ছবির প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল সোমবার সন্ধ্যার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির চিত্রনায়ক সাইমন, দুই নায়িকা কেয়া ও মৌসুমী হামিদসহ আরও অনেকেই।
আগামী ৭ আগস্ট সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ছবিটি সম্পর্কে চিত্রনায়ক সাইমন বললেন, ‘এই ছবিটি আমার ক্যারিয়ারের ভিন্ন ধরণের একটি চলচ্চিত্র হবে বলে আমার বিশ্বাস। কারণ এবার সম্পূর্ণ অ্যাকশন হিরো হিসেবে দর্শকরা আমাকে দেখতে পাবেন। এ জন্য ছবিটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এই ছবিতে দর্শকরা অন্যরকম সাইমনকে দেখতে পাবেন। ’
ছবির নায়িকা কেয়া বললেন, ‘এতো বড় প্লাটফর্মে আমি আগে কখনো কথা বলিনি। মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়া আমাকে বড় ধরণের একটি সুযোগ দিয়েছে। ভালোমানের একটি ছবিতে অভিনয়ের সুযোগ করে দিয়ে। চেষ্টা করেছি নিজের সেরাটা উপহার দেয়ার। দর্শকদের কাছে আমার একটাই চাওয়া হলে গিয়ে আপনারা ছবিটি দেখবেন। তাহলে আমাদের শিল্পীদের সব পরিশ্রম সার্থক হবে।’
মৌসুমী হামিদ বললেন, 'এটি আমার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি হতে যাচ্ছে। আশা করছি দর্শকরা আমাকে ভালোভাবে বড় পর্দায় গ্রহণ করবেন। দর্শকদের ভালোবাসাতেই আমি মৌসুমী হামিদ হতে পেরেছি। তাইতো আপনাদের কাছে আমার একটাই চাওয়া সবাই হলে গিয়ে ছবি দেখবেন। আপনারা যদি আমাদের কাজে উৎসাহ দেন তবে আমরাও ভালো ছবি উপহার দিতে পারবো।'
‘ব্ল্যাকমানি’র কাহিনী সংলাপ রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু, চিত্রগ্রহণ তপন আহমেদ, সংগীত শওকত আলী ইমন, গীতিকার কবির বকুল, সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী, নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল, ইরান ও হাবিব, অ্যাকশন পরিচালনা করেছেন আরমান। ছবিটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রেবেকা, শশী, আফজাল শরীফ, চিকন আলী, ডিজে সোহেল, মিশা সওদাগর প্রমুখ। একটি বিশেষ চরিত্রে আছেন মার্শাল আর্ট এক্সপার্ট নায়ক রুবেল।
ইআর





