সালমান খান তাঁর আসন্ন ছবি ‘কিকে’ প্রথম প্লে ব্যাক গান করলেন। শ্রেয়া ঘোষালের সঙ্গে একটি রোমান্টিক গান ‘হ্যাংওভার’ গাইলেন এমনটাই জানালেন ছবির প্রযোজক সাজিদ নাদিদওয়ালা।

সাজিদ গণমাধ্যমকে জানান, ‘ আমরা এই গানটির জন্য ভালো একজন গায়ক খুঁজছিলাম কিন্তু কাউকে পাইনি। তাই সালমান নিজে যখন জানালো সে গানটি নিজে গাইতে চায় আমরা রাজি হয়ে যাই।’ এটি সালমান ভক্তদের জন্য নিঃসন্দেহে একটি চমৎকার খবর। কিন্তু এই রোমান্টিক গানটি গাওয়া নিয়ে অন্য খবর পাওয়া যাচ্ছে।

বিশ্বস্ত সূত্রের খবর সোনু নিগম আগের বছর নভেম্বর মাসে শ্রেয়া ঘোষালের সঙ্গে  ‘হ্যাংওভার’ গানটি রেকর্ড করেছিলেন। এখন সোনু যে অংশটি গেয়েছেন তা সরিয়ে দিয়ে সেখানে সালমানের রেকর্ডিংটা করা হবে, কিন্তু শ্রেয়ার গানের অংশটি একই রেখে দেওয়া হয়েছে। 

এই বিষয়ে সোনু নিগম তাঁর বক্তব্য জানান মুম্বইয়ের একটি সংবাদপত্রকে, ‘ আমি পেপার পড়ে এই খবরটা জানতে পেরেছি, প্রোডাকশন থেকে কেউ আমাকে কিছু জানায়নি। হ্যাঁ আমি ও শ্রেয়া আগের বছর ‘হ্যাংওভার’ গানের রেকর্ডিং করেছি তাই এই খবর জেনে আমার খুব অবাক লাগছে । আমাকে এখনও ওই গানটার জন্য কোন পারিশ্রমিক দেওয়া হয়নি।’ তবে প্রোডাকশন হাউস সালমানের স্টার ভ্যালুকে মূলধন করে এই কাজটি করেছে। কারণ গানটির ট্রেলার মুক্তি পাওয়ার গত ২৪ ঘন্টার মধ্যে ২.৫ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই