সম্প্রতি অদ্ভূত এক বিড়ম্বনায় পড়তে হয় ছোট পর্দা ও বড় পর্দার অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমকে।লন্ডন পৌঁছানোর পর তার জাতীয়তা নিয়ে প্রশ্ন তোলেন বিমানবন্দরের কর্মকর্তারা।

মিম বলেন, “বাস্তবের আমির সঙ্গে পাসপোর্টের ছবি মেলাতে না পেরে আমাকে পাকিস্তানি ঠাউরে বসল এয়ারপোর্টের লোকগুলো। ওরা বলছে, আমার মুখাবয়ব অবিকল পাকিস্তানি নারীদের মতো। আমি প্রতিবাদ জানিয়েছি। পাকিস্তানি নারীদের মতো দেখতে হলেও আমি পুরোদস্তুর বাংলাদেশী।”

"ওরা আমার সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি জানালাম আমি সিনেমাতে অভিনয় করি। ওরা বলছে, আপনি পাকিস্তানি অভিনেত্রী। বেশ সময় নিয়ে জিজ্ঞাসাবাদের পর আমাদের ছাড়ল। তবে আমার তো মনে হয়, ওদের সন্দেহ পুরোপুরি দূর হয়নি।”

নাটকের অভিনেত্রী থেকে পুরোদস্তুর সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন বোনা মিমের সঙ্গে কথা হচ্ছিল ‘মন বাকসো’র চুক্তি সভায়। পশ্চিমবঙ্গের গায়ক ও নির্মাতা অঞ্জন দত্ত পরিচালিত এ সিনেমায় মিম তার মেয়ের ভূমিকায় অভিনয় করবেন। তার চরিত্রের নাম ‘মৈত্রী’।

সিনেমাটি নিয়ে মিম বলেন, “অঞ্জন দত্তর মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করা তো পরম সৌভাগ্য! আমি অভিভূত। এখন ‘মৈত্রী’ চরিত্রটি নিজের মধ্যে ধারণ করতে হবে। শতভাগ চেষ্টা থাকবে, চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তোলার।”

সিনেমায় ব্যস্ত হয়ে ওঠা মিম এখন লন্ডনের পথে। অভিনেত্রী তানিয়া আহমেদ পরিচালিত ‘গুড মর্নিং লন্ডন’ সিনেমার শুটিং হবে সেখানে। ফিরে এসেই শুরু করবেন ‘মন বাকসো’র শুটিং।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই