বিশ্বকাপ ক্রিকেট আসছে ফেব্রুয়ারীতে। আর ক্রিকেট পাগল বাঙ্গালীর প্রতিচ্ছবি নিয়ে আশিক ইব্রাহিম নির্মাণ করছেন ‘এল বি ডব্লিউ’। তির্থক আহসান রুবেলের রচনায় নাটকটিতে অভিনয় করবেন মোশাররফ করিম ও শখ।

নাটকটির কাহিনীতে  দেখা যাবে বাবাহীন পরিবারের একমাত্র সন্তান মোশারফ সারাদিন টিউশনি আর ক্রিকেট নিয়েই জীবনযাপন করে। মফস্বলের কলেজ থেকে অনার্স শেষ করে আর মাস্টার্সে ভর্তি হয়নি। ক্রিকেট পাগল মোশারফ যখন কোন টুর্নামেন্টের খবর পায় পাড়ার ছেলেদের নিয়ে দল গঠন করে। মূলত তার দলের কোচ কাম ম্যানেজার কচি।

মোশারফের দলের কঠিন প্রতিপক্ষ পাশের মহল্লার সোহেল খানের দল। প্রতিটি ম্যাচেই মোশারফের দল পরাজিত হয়, সোহেলের দলের কাছে। আর প্রতিটা ম্যাচে দলের ক্যপ্টেন মোশারফ এলবিডব্লিউ হয়ে দলের পরাজয়ের নায়ক হয়। ফলে সবাই তাকে গালিগালাজ করে, তাকে নিয়ে ঠাট্টা মশকরা করে। কিন্তু আবারো যখন টুর্নামেন্ট আসে, তাকেই সবার আগে পাওয়া যায়।

মোশারফের জীবনে প্রেম হয়ে আসে ছাত্রের বড় বোন শখ। শখের বিয়ের সমন্ধ আসতে থাকে চারদিক থেকে। মোশারফকে জীবন সম্পর্কে সিরিয়াস হতে তাগাদা দেয়। মোশারফ হাসি-ঠাট্টা করে কাটিয়ে দেয়। অবশেষে একদিন শখের বিয়ে ঠিক হয়। সেই একই দিনে মোশারফের বিজয় দিবসের প্রীতি ম্যাচ পড়ে। প্রতিপক্ষ সেই চিরচেনা সোহেল খানের দল। মোশারফের মনে পড়ে মুক্তিযুদ্ধের সাথে আমাদের ক্রিকেটের ইতিহাস। শহীদ মুস্তাক, শহীদ জুয়েল এর হত্যাকাণ্ড তাকে আলোড়িত করে। একটি কবুল, একটি এলবিডব্লিউ, একটি নায়কোচিত দিন, একটি বেদনায় ভরা গৌরবের ইতিহাস, প্রতিদিনের অপমানের ইতিহাস আর তার সামনে দাঁড়িয়ে একটি আততায়ী বল।

পরিচালক জানালেন, চমক হিসেবে দেশ সেরা ক্রিকেটারদের কেউ কেউ থাকছেন নাটকটিতে। তবে এই রহস্য এখনি ভাঙ্গা হচ্ছে না।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করীম, শখ, বীথি রাণী সরকার, কচি খন্দকার, সোহেল খান, তমাল প্রমুখ। ক্রিকেট লিজেন্ড ও মুক্তিযোদ্ধা রকিবুল হাসান এবং ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমীরও এই নাটকে অতিথি চরিত্রে অভিনয় করছেন।

বহস্পতিবার থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে।

জেআই