প্রথমবারের মতো সময়ের জনপ্রিয় ১০ শিল্পী একটি গানে কণ্ঠ দিয়েছেন। মিউজিক চ্যানেল সিক্সটিনের জন্য গানটি নির্মিত হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী আরফিন রুমি, কাজী শুভ, বেলাল খান, ইমরান, ইলিয়াস হোসেন, লিজা, সালমা, পূজা, নওমী ও অরিন।

জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবরের লেখা ‘গানের আলোয় থাকুক অন্তহীন, বাজুক রাতদিন চ্যানেল সিক্সটিন’ এমন কথায় গানটির সুর ও সংগীত করেছেন আরফিন রুমি। এটিই হচ্ছে চ্যানেল সিক্সটিনের অফিসিয়াল থিম সং।

চ্যানেল সূত্রে জানা গেছে, ঈদের আগে থেকে গানটি চ্যানেল সিক্সটিনে নিয়মিত প্রচার করা হবে। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। চন্দন চৌধুরীর পরিচালনায় মিউজিক ভিডিওতে সব কজন শিল্পীই অংশ নিয়েছেন।

গানটির সুর ও সংগীত পরিচালনা প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘সিক্সটিনের জন্য শুভকামনা। অফিসিয়াল থিম সংয়ের বিষয়টির সঙ্গে সামঞ্জস্য রেখেই গানটি করেছি। আশা করছি সবারই ভালো লাগবে।’ গানটিতে কণ্ঠদান এবং মিউজিক ভিডিওতে অংশ নেওয়া প্রত্যেক শিল্পীই সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের বিশ্বাস, সিক্সটিনের চলার পথে এই টাইটেল গানটি অগ্রণী ভূমিকা পালন করবে।

গানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চ্যানেল সিক্সটিনের প্রযোজক এম এইচ পাভেল।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই