ভারতের উত্তর প্রদেশের দুই কিশোরীর ধর্ষনের ঘটনা দেশের মহিলাদের সুরক্ষা ব্যবস্থার উপর আবার প্রশ্নচিহ্ন তুলল। এই ঘটনা সবথেকে বেশি প্রভাব ফেলেছে বলিউডের নায়ক আমির খানের উপর। তাঁর সামাজিক সচেতনতা নিয়ে কাজ সবাই জানে।

‘সত্যমেব জয়তে’ অনুষ্ঠানে প্রথমদিনেই যে বিষয়ে নিয়ে আলোচনা হয়েছিল তা হল মহিলা সুরক্ষা ব্যবস্থা এবং সেখানে কী কী আইনি ও সামাজিক সমস্যা দেখা যায় তাও দেখানো হয়েছিল। এপিসোড শেষের দু মাসের মধ্যে এই ঘটনার পর আমির খান একই বিষয় নিয়ে আবার সরব হয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা একবিংশ শতকে দাঁড়িয়েও একটা সুস্থ সমাজ তৈরি করতে পারিনি। এটা আমাদের বোঝা উচিত যে রাস্তার প্রতিটি মোড়ে পুলিশ টহলদারী দেওয়া সম্ভব নয়। আমাদের তাই নিজেদেরই আরও বেশি সচেতন হতে হবে এবং এমন এক সমাজ তৈরি করতে হবে যেখানে মাঝরাতেও প্রতিটা মানুষ সুরক্ষিতভাবে চলাফেরা করতে পারে।’

একইসঙ্গে একজন দোষীর সাজা দেওয়া নিয়ে ভারতের সামগ্রিক আইন ব্যবস্থার কঠোর সমালোচনা করেন আমির খান। ৪৯ বয়সী এই অভিনেতা বলেছেন, ‘আমাদের দেশের আইনি ব্যবস্থা এমন করা উচিত, যাতে দোষীরা দ্বিতীয়বার এই কাজ করতে ভয় পায়। আইন এতটাই কঠোর তৈরি করতে হবে যেখানে দোষীর সাজা পেতে ২০ বছর নয়, যেন ৩ মাস লাগে৷’

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই