ব্যবসায় বড় ধরনের লস খেয়ে পাগলপ্রায় চিত্রনায়ক জয়। দিশেহারা মন। কোনো কাজেই বসছে না মন। ঠিক তখনই তাকে সাহায্য করতে হাত বাড়ালেন নবাগত নায়িকা মাহিয়ান। আর সাহায্য করতে গিয়ে জয়ের প্রেমে পড়ে গেলেন মাহিয়ান। প্রথমে বন্ধুত্ব পরে গভীর প্রেমে আবদ্ধ দুজন। চুটিয়ে প্রেম চলছে দুজনার।
ঘটনাটা সত্যি তবে বাস্তবে নয়, সম্ভাবনাময়ী নবাগত নায়িকা মাহিয়ান চৌধুরীর সাথে জয় চৌধুরী অভিনীত প্রথম ছবি ‘অবাস্তব ভালোবাসা’ ছবির প্রেমকাহিনী এটি। আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে রোমান্টিক এ ছবিটি।
এফ এ চলচ্চিত্রের ব্যানারে কাজল কুমারের পরিচালনায় রোমান্টিক ও অ্যাকশন ঘরানার ছবি ‘অবাস্তব ভালোবাসা’। প্রথম ছবি নিয়ে দারুণ আশাবাদী নায়িকা মাহিয়ান চৌধুরী। ‘অবাস্তব ভালোবাসা’ ছবি সম্পর্কে বলতে গিয়ে মাহিয়ান বলেন, সাধারণত আমাদের দেশের ছবিতে নায়ক-নায়িকাদের যেভাবে প্রেম ভালোবাসা হয় এ ছবিতে সম্পূর্ণ বিপরীত। এ ছবি কোনো দর্শক একবার দেখলে বারবার দেখার আগ্রহ প্রকাশ করবে বলে দৃঢ় বিশ্বাস মাহিয়ানের।
এই ছবির কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। আর ছবিতে মাহিয়ানের বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করছেন জয় চৌধুরী। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াত্, মিজু আহম্মেদ, ইলিয়াছ কোবরা, রেহেনা জলি, রেবেকা শিউলি, তানিন, সাংকু, পাঞ্চা, শাহীনসহ আরও অনেকে।
ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





