বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান ও মহাসচিব মুশফিকুর রহমান গুলজারের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জের সাথী সিনেমা হলের মালিক মিঞা আলাউদ্দিন বাদী হয়ে ওই ২ আসামির বিরুদ্ধে সিএমএম আদালতে মানহানির মামলা দায়ের করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিনুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে ঘটনার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
আদালতে বাদীপক্ষের আইনজীবী আব্দুল আল-মামুন ভূইয়া (রাশেদ) বিচার বিভাগীয় তদন্তের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৭ জানুয়ারি বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলোনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এক সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলনে আসামিরা বাদীকে উদ্দেশ্য করে মনগড়া বক্তব্য প্রচার করে।
তারা নারায়ণগঞ্জের সাথী সিনেমা হলের মালিক মিঞা আলাউদ্দিনকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্যই মনগড়া বক্ত্য প্রচার করে।
তারা ওই সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ‘হাতে গোনা দুই/তিনজন দেশ প্রেমহীন বেনিয়া স্বার্থান্বেসী ব্যক্তি-আমাদের চলচ্চিত্রই শুধু নয়, ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে ধ্বংসের ষড়যন্ত্রের পাশাপাশি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বও ধ্বংসের ষড়যন্ত্র করছে।’ যা ওইদিন বিভিন্ন ইলেক্ট্রনিক ও পরদিন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়।
আসামিদের ওই বক্তব্য বাদীর ১০ কোটি টাকার সুনাম ও খ্যাতি নষ্ট হয়েছে বলে মামলার আরজি উল্লেখ করা হয়েছে।
একে





