জাহিদ হাসান, তৌকির আহমেদ, মোশাররফ করিম, মীর সাব্বির, আনিসুর রহমান মিলন ও আরফান নিশো- তারা প্রত্যেকেই নাটকের জনপ্রিয় মুখ। আসন্ন ঈদে আরটিভিতে থিম বেইজড এক ঘণ্টার ধারাবাহিক নাটকে পাগল হয়ে আসছেন জনপ্রিয় এ ছয় অভিনেতা।
জানা গেছে, এবারের ঈদে নির্মিত সাত খণ্ডের বিশেষ নাটকে পাগল হয়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তারা। আরটিভিতে ঈদের পাগল সিরিজের এ নাটকগুলোর প্রতিটি খণ্ড এক ঘণ্টা করে।
এর মধ্যে বিয়ে পাগল নামে নাটকটি রচনা করেছেন হামেদ হাসান নোমান। পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। নাটকটিতে অভিনয় করেছেন আরফান নিশো, শখ প্রমুখ। এই সিরিজের আরেক নাটক খেলা পাগল। সেটিও লিখেছেন হামেদ হাসান নোমান ও পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। অভিনয় করেছেন মীর সাব্বির, মম, আরফান, কাজী উজ্জ্বল প্রমুখ।
জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও শামীম জামানের পরিচালনায় বউ পাগল নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, শশী, শামীম জামান প্রমুখ। প্রেম পাগল নাটকটিও রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল ও পরিচালনা করেছেন শামীম জামান। এটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, বিদ্যা সিনহা মীম, শামীম জামান প্রমুখ।
চতুর্থ নাটক জামাই পাগল রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। এটি পরিচালনা করেছেন আল হাজেন। নাটকে অভিনয় করেছেন তৌকির আহমেদ, তারিন জাহান ও চিত্রলেখা গুহ।
বই পাগল শিরোনামের নাটকটি রচনা করেছেন মুহাম্মদ মামুন-অর-রশীদ। আল হাজেনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, কুসুম শিকদার প্রমুখ।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





