ফাহমিদা নবী এই ঈদে প্রকাশ করছেন তার দুটি একক অ্যালবাম! এর মধ্যে একটির প্রযোজক ও প্রকাশক শিল্পী নিজেই। আর অন্যটি প্রকাশ করছে লেজারভিশন।

আজ প্রকাশ পাচ্ছে নিজের গড়া প্রযোজনা প্রতিষ্ঠান আনমল'র ব্যানারে আমারে ছুঁইয়াছিলে অ্যালবামটি। এ অ্যালবামটিতে প্রথমবারের মতো ফাহমিদা গেয়েছেন সব কটি নজরুলগীতি। অ-বাণিজ্যিক ঘরানার এ অ্যালবামটির মধ্য দিয়েই বাণিজ্যিক প্রতিষ্ঠান আনমল'র যাত্রা শুরু হচ্ছে।

ফাহমিদা নবী বলেন, আসলে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান তথা প্রযোজকদের ব্যবসা নেই কেন্দ্রিক কথা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। আর এসব কথা শুনতে চাইনি বলেই আনমল'র জন্ম দিয়েছি। কারণ, আমি জানি আমার আধুনিক গান নিয়েই যদি তারা এত কথা বলতে পারেন, তবে তো নজরুলের গান নিয়ে গেলে তারা আমাকে পাগল সাব্যস্ত করবেন! সেই ভয়ে নিজেই নিজের প্রাণের অ্যালবামটি প্রকাশের রাস্তা বের করেছি। আশা করছি আমার এই ভালবাসার উদ্যোগ বৃথা যাবে না।

এদিকে নজরুলের গান প্রকাশের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান গড়লেও এই ঈদেই লেজারভিশন থেকে প্রকাশ পাচ্ছে তার আধুনিক গানের নতুন অ্যালবাম। নাম তুমি অভিমানে। এটি প্রকাশ পাচ্ছে আগামী সপ্তাহে।

ফাহমিদা নবী আরও জানান, এক ঈদে দুটি অ্যালবাম। ভাবতে নিজেরই ভাল লাগছে। দুটি দুই ধারার। দুটিতেই রয়েছে নয়টি করে অসাধারণ গান। এর মধ্যে তুমি অভিমানে অ্যালবামে আমি দীর্ঘদিন পর অনেক অসাধারণ আধুনিক গান গাইলাম। যে গানগুলো লিখেছেন গোলাম মোর্শেদ। সব মিলিয়ে এবার মনে হচ্ছে গানের ঈদ আমি একাই করছি! ভাবতেই ভাল লাগছে। মনে হচ্ছে আমিও প্রযোজক হলাম আর অডিও বাজারও ফের চাঙ্গা হচ্ছে।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই