ঢাকাই সিনেমার নতুন দুই নতুন মুখ এবিএম সুমন ও প্রসূন আজাদ অভিনীত সিনেমা ‘অচেনা হৃদয়’ মুক্তি পাচ্ছে ১৮ই অক্টোবর। এটিই হতে যাচ্ছে এই জুটির মুক্তি পাওয়া প্রথম সিনেমা। আর এ সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন শফিকুল ইসলাম খান মিঠু।
রোমান্টিক-অ্যাকশন ধারার সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন মিঠু। তিনি জানালেন সিনেমাতে সুমন রুদ্র এবং প্রসূন রূপা চরিত্রে অভিনয় করছেন। ইমন অভিনয় করছেন আসিফ চরিত্রে।
সিনেমাটি নিয়ে পরিচালক বলেন, “এটি আমার স্বপ্নের প্রজেক্ট, আমার সন্তানের মতো। পরম মমতায় সর্বোচ্চ চেষ্টা করেছি দর্শককে নতুনত্ব দেওয়ার।”
প্রসূন, সুমনের মতো নবাগতদের নিয়েই কেন চলচ্চিত্রযাত্রা শুরু করছেন এই প্রশ্নের জবাবে মিঠু বললেন, “নতুন পরিচালক হিসেবে আমি নতুনদের নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছি।”
সিনেমার অভিনেতা সুমন বলেন, “সিনেমাটিতে রুদ্র চরিত্রটি এ সময়ের তরুণদের কথা বলবে, বলবে ভালোবাসার কথা। প্রসূনের সঙ্গে অনস্ক্রিন কেমিস্ট্রিটাও দারুণ। এখনই কিছু বলতে চাই না। সিনেমাতে বেশকিছু চমক রয়েছে। মুক্তির পর হলে গিয়েই দর্শক দেখুক সেটা।”
র্যাম্প মডেল হিসেবে মিডিয়াতে আসা সুমন ইতোমধ্যে ‘রুদ্র-দ্য লাভার’ নামে একটি সিনেমার শুটিংও শেষ করেছেন। তার বিপরীতে অভিনয় করছেন আরেক মডেল পিয়া বিপাশা।
নাটকের পর সিনেমাতেও থিতু হতে চাওয়া প্রসূন সিনেমাটিকে দেখছেন বড় চ্যালেঞ্জ হিসেবে, “অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে মুক্তি পাবে সিনেমাটি। সত্যি খুব টেনশনে আছি।”
প্রসূন অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সর্বনাশা ইয়াবা’ ২৬শে সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে। চুক্তিবদ্ধ হয়েছেন মাসুদ আখন্দ পরিচালিত ‘স্বপ্নপোকা’ সিনেমাতে।
‘অচেনা হৃদয়’ সিনেমাতে গান থাকছে ছয়টি। সংগীত পরিচালনায় রয়েছেন বেলাল খান ও পিন্টু ঘোষ। সুকন্যা মজুমদার তিথির গাওয়া ‘মন আমার’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করেছেন সাদিয়া।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





