ভাল গল্প পেলে টলিউডের বাংলা ছবিতেও কাজ করতে উৎসাহী বলে জানালেন কারিনা কাপুর। তার নতুন ছবি 'সিঙ্ঘম রিটার্ন্স'এর প্রচারে এসে কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান।

কারিনা কাপুরের সঙ্গে ছিলেন তার সহঅভিনেতা অজয় দেবগণ। একই প্রশ্ন তাকেও করা হলে তিনি জানান, তিনিও বাংলা ছবিতে কাজ করার ব্যাপারে উৎসাহী। যদিও বাংলা ছবিতে আগেই তার অভিনয় করার অভিজ্ঞতা আছে,সাংবাদিকদের এই কথা মনে করিয়ে দেন অজয় দেবগণ।

প্রয়াত পরিচালক ঋতুপর্ন ঘোষের ‘রেনকোট’ ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগণ। তার অভিনীত নতুন ছবি ‘সিঙ্ঘম রিটার্ন্স’ নিয়ে ইতিমধ্যেই ভারতের সর্বত্র যথেষ্ট উৎসাহ দেখা গেছে।

অজয় দেবগণ জানান, আগের ‘সিঙ্ঘম’ ছবিটির থেকে এই ছবিটি একেবারেই আলাদা। নতুন ছবিতে মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা আছে। কালো টাকার মত রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়টিকেও তার নতুন ছবিতে দেখানো হয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন নবাব মনসুর আলি খান পতৌদির পুত্রবধূ। কালো কাপড়ের উপর সাদা জড়ির কাজ করা গাউনে সপ্রতিভ কারিনা কাপুরকে প্রশ্ন করা হয় বাংলা ছবিতে কাজ করতে হলে তিনি কোন বিষয়টিকে প্রাধান্য দেবেন?

উত্তরে কারিনা কাপুর জানান, বাংলা ছবির পরিচালকদের কাজের উপর তার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। তার ধারণা তারা গল্পকে খুব ভাল ভাবে ফুটিয়ে তুলতে পারেন। তাই তার একমাত্র চাহিদা ভালো গল্প। এ সময় তিনি বাংলা ছবির অভিনেতা,অভিনেত্রীদের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই