বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের ৭৪তম জন্মদিন আজ। শারীরিকভাবে এখন ভালো আছেন তিনি।
১৯৪২ সালের ২৩ জানুয়ারি পৃথিবীতে এসেছিলেন নায়করাজ। এর পর পেরিয়ে গেছে বর্ণিল যাপিত জীবনের ৭৩টি বছর। শুক্রবার ৭৪ বছরে পা রেখেছেন কিংবদন্তি এই মানুষটি।
জন্মদিন নিয়ে রাজ্জাক বলেন, 'সবমিলিয়ে আল্লাহর রহমতে এ মুহূর্তে শারীরিকভাবে বেশ ভালো আছি। সবাই দোয়া করবেন যেন সব সময় সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি।
জন্মদিনে আমার ভক্ত, দর্শক, সহকর্মী সর্বোপরি চলচ্চিত্র পরিবারের সবার প্রতি রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।'
গত সপ্তাহে স্ত্রী, পুত্র সম্রাট ও পুত্রবধূ কনাসহ কলকাতা গিয়েছিলেন। জন্মদিন উপলক্ষে কলকাতা থেকে গত বুধবার দুপুরে ঢাকায় ফিরেছেন।
স্কুলে পড়ার সময় থেকেই মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। চলচ্চিত্রে নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’চলচ্চিত্রে।
এর পর অভিনয় নৈপুণ্যে কোটি মানুষের ভালবাসার জায়গাটি দখল করে নিয়েছেন। হয়ে উঠেছেন বাংলাদেশের চলচ্চিত্রের নায়করাজ। ভারতীয় বাংলা চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা গেছে তাকে।
অভিনয়গুণে বাংলাভাষী কয়েক কোটি মানুষের প্রিয় অভিনেতা নায়করাজ রাজ্জাক। তিনিই একমাত্র বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি।
এমকে





