সংসারে নানা ঝামেলা নিয়ে অনেকটা অশান্তিতে রয়েছেন রিচি সোলায়মান। স্বামীর সঙ্গে কোনোভাবেই বনিবনা হচ্ছে না তার। একমাত্র সন্তান পূর্বাকে নিয়ে স্বামী ইন্তেখাব দিনারের সঙ্গে খুনসুটি লেগেই থাকে। এর মাঝে নতুন ঝামেলা তানিয়া তাদের পথে আরেক কাঁটা হয়ে দাঁড়ায়। তাকে নিয়েও ঝগড়া তাদের নিত্য সঙ্গী হয়ে উঠেছে।

অন্যদিকে সাংসারিক নানা ঝামেলা তো রয়েছেই। এসব নিয়ে সুখ বলে একটা ব্যাপার যে পৃথিবীতে আছে সেটা ভুলেই গেছেন রিচি। বিশেষত মেয়ে পূর্বাকে নিয়েই তার যত চিন্তা। প্রিয় পাঠক এটা রিচির বাস্তব জীবনের কোনো ঘটনা নয়। মাসুম শাহরীয়ারের রচনা ও ফয়সাল রাজীবের পরিচালনায় নির্মিত হওয়া ধারাবাহিক নাটক ‘পূর্বা’তে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

এতে অভিনয় প্রসঙ্গে রিচি বলেন, ‘আমাদের বাস্তব জীবনের নানা ঘটনা নাটকের গল্পে তুলে ধরা হয়েছে। বলা যায়, পারিবারিক কলহই এ নাটকের মূল প্রেক্ষাপট। আশা করি দর্শকের ভালো লাগবে। আগামী মাস থেকেই নাটকটি যে কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

এ নাটক ছাড়া ১০টি চ্যানেলে একসঙ্গে প্রচার চলতি রান্না বিষয়ক অনুষ্ঠান ‘নর টেস্ট অ্যান্ড টুইস্ট’-এর উপস্থাপনা করছেন রিচি সোলায়মান।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই